মাশরাফীকে নিয়েই চট্টগ্রামের বিপক্ষে খুলনা

লটারিতে মাশরাফী বিন মোর্ত্তজাকে পাওয়ার পর জেমকন খুলনা আর অপেক্ষা করল না। মঙ্গলবারই গাজী গ্রুপ চট্টগ্রামের বিপক্ষে একাদশ সাজাল নড়াইল এক্সপ্রেসকে নিয়ে।

এদিন বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে দিনের দ্বিতীয় ম্যাচে মাঠে নেমেছে খুলনা ও চট্টগ্রাম। ম্যাচটিতে বড় আকর্ষণ হয়ে এসেছেন মাশরাফী। তারকা বহুল খুলনায় রয়েছেন সাকিব আল হাসানও। নেতৃত্বে মাহমুদউল্লাহ রিয়াদ।

মাশরাফী সাড়ে ৮ মাসেরও বেশি সময় পর ২২ গজের লড়াইয়ে ফিরলেন। সবশেষ তিনি প্রতিযোগিতামূলক ক্রিকেট খেলেছেন ১৬ মার্চ, ঢাকা প্রিমিয়ার লিগে। শেখ জামাল ধানমন্ডি ক্লাবের হয়ে খেলাঘরের বিপক্ষে ৭ ওভার বল করেন। ৩৪ রান খরচায় সেদিন কোনো উইকেট পাননি। মেডেন ওভার ছিল একটি। ব্যাট হাতে করেছিলেন ১ রান।

তার আগে জিম্বাবুয়ের বিপক্ষে খেলেছেন সবশেষ আন্তর্জাতিক ম্যাচ। ৬ মার্চ সিলেটে অনুষ্ঠিত সেই ম্যাচে ওয়ানডে অধিনায়কত্ব থেকে অবসরে যান মাশরাফী।

এরপর করোনা মহামারির কারণে বন্ধ ছিল দেশের ক্রিকেট। বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের আগে বিসিবি প্রেসিডেন্টস কাপ হলেও খেলেননি মাশরাফী। চলতি টুর্নামেন্টেও শুরুতে ছিলেন না হ্যাম-স্ট্রিংয়ের ইনজুরির কারণে।

পরে চোট থেকে সেরে উঠতে তাকে পেতে চারটি দল আগ্রহ দেখায়। লটারি পদ্ধতিতে দেশের ক্রিকেটের অন্যতম সফল অধিনায়ককে পায় খুলনা।