ইতিহাস বিকৃতি

কনক সারওয়ারের ইউটিউব কনটেন্ট বন্ধের নির্দেশ হাইকোর্টের

প্রবাসী সাংবাদিক কনক সারওয়ারের ইউটিউব কনটেন্টসহ তার সকল ডিজিটাল কনটেন্ট বন্ধ করতে পদক্ষেপ গ্রহণের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। বিটিআরসিসহ (বাংলাদেশ টেলি যোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা) সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এ বিষয়ে ব্যবস্থা নিতে বলা হয়েছে।

উচ্চ আদালতের এক আইনজীবীর করা রিট আবেদনের ওপর প্রাথমিক শুনানি নিয়ে মঙ্গলবার বিচারপতি মো.  খসরুজ্জামান ও বিচারপতি মো. মাহমুদ হাসান তালুকদারের হাইকোর্ট বেঞ্চ রুলসহ এ আদেশ দেন।

কনক সারওয়ারের ইউটিউব কনটেন্টে লিবারেল ডেমোক্রেটিক পার্টির চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমেদের এক সাক্ষাৎকার প্রচারের মাধ্যমে বাংলাদেশের ইতিহাস বিকৃতির অভিযোগ এনে এ আবেদনটি করা হয়।

আদালতে রিট আবেদনের পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী শাহ মঞ্জুরুল হক। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল (ডি এ জি) বিপুল বাগমার।

অ্যাডভোকেট শাহ মঞ্জুরুল হক সাংবাদিকদের জানান, গত ১৭ আগস্ট ইউটিউব চ্যানেলে সাংবাদিক কনক সারওয়ার কর্নেল অলি আহমেদের সাক্ষাৎকার নেন। সেখানে জিয়াউর রহমানকে বাংলাদেশের অস্থায়ী রাষ্ট্রপতি বলা হয়েছে। এ বিষয়টিকে চ্যালেঞ্জ করা হলে আদালত এগুলো নিষ্ক্রিয় বা বন্ধ করতে আদেশ দিয়েছেন। 

জিয়াউর রহমানকে স্বাধীন বাংলাদেশের অস্থায়ী রাষ্ট্রপতি উল্লেখ করে ইতিহাস বিকৃতির অভিযোগ এনে অলি আহমেদকে গত ৭ সেপ্টেম্বর আইনি নোটিশ পাঠান রিট আবেদনকারী আইনজীবী ব্যারিস্টার ইমতিয়াজ উদ্দিন আহমেদ আসিফ।

তিনি জানান, অলি আহমেদ নোটিশের জবাব দিলেও তিনি তার বক্তব্যে অনড় থাকেন। এরই প্রেক্ষিতে হাইকোর্টে আবেদনটি করা হয়।

ডি এ জি বিপুল বাগমার হাইকোর্টের আদেশের বরাতে বলেন, ওনার (কনক সারওয়ার) ইউটিউব কনটেন্টে ইতিহাস বিকৃতির প্রমাণ পাওয়া গেছে। এ ধরনের বিকৃত তথ্যে নতুন প্রজন্মসহ সকলে দেশের স্বাধীনতাযুদ্ধ ও ইতিহাস নিয়ে বিভ্রান্ত হবে। রিটকারীর আবেদনের প্রেক্ষিতে আদালত রুলসহ এ আদেশ দিয়েছেন। মূলত বিটিআরসি আদালতের এ আদেশ বাস্তবায়ন করবে।