জেমকন খুলনার বিপক্ষে রোমাঞ্চকর এক ম্যাচ জিতে নিল গাজী গ্রুপ চট্টগ্রাম। যে জয়ের নায়ক শামসুর রহমান শুভ। চাপের মুখে নির্ভার থেকে খেলেছেন দারুণ। শেষ বলে ছক্কা মেরে দলকে জিতিয়ে নায়কের বেশে মাঠ ছেড়েছেন ডানহাতি ব্যাটার।
মঙ্গলবার বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে দিনের দ্বিতীয় ম্যাচে ১৫৮ রান তাড়া করতে নেমে ৩ উইকেটে জিতেছে চট্টগ্রাম। এই জয়ে সেরা চার নিশ্চিত হয়ে গেছে দলটির। ৬ খেলায় ৫ জয়ে ১০ পয়েন্ট তাদের। ৭ খেলায় ৪ জয়ে ৮ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে খুলনা।
মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে টস জিতে প্রথমে ফিল্ডিং বেছে নিয়েছিল চট্টগ্রাম। খুলনা ৯ উইকেটে ১৫৭ রানে পুঁজি দাঁড় করায়।
দারুণ উত্তেজনা ছড়ানো ম্যাচে শেষ ৪ ওভারে ৪৪ রান প্রয়োজন পড়ে চট্টগ্রামের। হাতে ৫ উইকেট। দুই উইকেট হারিয়ে শেষ ওভারে সমীকরণ দাঁড়ায় ৯ রানের। শেষ বলে ২ রানের। এক রান নিলে হবে টাই, এমন মুহূর্তে দাঁড়িয়ে ছক্কায় ম্যাচের শেষ টানেন শামসুর।
পাঁচ নম্বরে নেমে শামসুর খেলেছেন ৪৫ রানের অপরাজিত ইনিংস। ৩০ বলে ৫ চার ও ১ ছক্কায় নিজের ইনিংস সাজান তিনি। শেষ ওভারে উইকেটে এসেই মোস্তাফিজুর রহমান দারুণ এক চার হাঁকান। চট্টগ্রামের জন্য সমীকরণ সহজ করতে সেটিও দারুণ ভূমিকা রেখেছে।
এ ছাড়া মাহমুদুল হাসান জয় ১৪ বলে ২৪, মোহাম্মদ মিঠুন ২১ বলে ২৩, সৌম্য সরকার ২২ বলে ১৯ রান করেন।
খুলনার পক্ষে সাকিব আল হাসান ও শুভাগত হোম নেন সর্বাধিক ২টি করে উইকেট। ১টি করে উইকেট নিয়েছেন মাশরাফী বিন মোর্ত্তজা, আল-আমিন হোসেন ও হাসান মাহমুদ।
এর আগে শুভাগতর শেষের ঝোড়ো ব্যাটিংয়ে দেড়শ ছাড়ানো পুঁজি পায় খুলনা। ১৪ বলে ৬ চার ও ১ ছক্কায় অপরাজিত ৩২ রান করেন তিনি। এ ছাড়া মাহমুদউল্লাহ রিয়াদ ১৭ বলে ২৬, ইমরুল কায়েস ২৩ বলে ২৪, জহুরুল ইসলাম অমি ১৯ বলে ২৬ রান করেন।
চট্টগ্রামের শরিফুল ইসলাম সর্বাধিক ৩ উইকেট নেন। মোস্তাফিজুর রহমান নিয়েছেন ২ উইকেট। ১টি করে উইকেট পেয়েছেন মোসাদ্দেক হোসেন ও জিয়াউর রহমান। ম্যাচসেরা হয়েছেন শামসুর রহমান শুভ।
সংক্ষিপ্ত স্কোর
জেমকন খুলনা
১৫৭/৯ (২০ ওভার) (জহুরুল ২৬, জাকির ১৫, সাকিব ১৫, ইমরুল ২৪, মাহমুদউল্লাহ ২৬, শুভাগত ৩২*; শরিফুল ৩/৩৪, মোস্তাফিজ ২/৩৬)
গাজী গ্রুপ চট্টগ্রাম
১৬২/৭ (২০ ওভার, লক্ষ্য ১৫৮) (জয় ২৪, মিঠুন ২৩, শামসুর ৪৫*, সাকিব ২/৩০, শুভাগত ২/৩৪)
ফল: চট্টগ্রাম ৩ উইকেটে জয়ী
ম্যাচসেরা: শামসুর রহমান শুভ।