যুক্তরাষ্ট্রের কূটনীতিক তলব করে নিষেধাজ্ঞার প্রতিবাদ চীনের

পেইচিংয়ে নিযুক্ত শীর্ষ ভারপ্রাপ্ত কূটনীতিককে ডেকে পাঠিয়ে ১৪ চীনা কর্মকর্তার ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার প্রতিবাদ জানিয়েছে চীন। দেশটি একইরকম পাল্টা পদক্ষেপ নেওয়ারও অঙ্গীকার করেছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

হংকংয়ে ভিন্নমত দমনে চীনের ভূমিকার কারণে গত সোমবার ওই চীনা কর্মকর্তাদের ওপর অর্থনৈতিক এবং ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দেয় যুক্তরাষ্ট্র।

গতকাল মঙ্গলবার চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে বলা হয়েছে, চীনের উপপররাষ্ট্রমন্ত্রী ঝেং ঝেগুয়াং যুক্তরাষ্ট্রের দূতাবাসের ভারপ্রাপ্ত প্রতিনিধিকে ডেকে পাঠিয়ে এ নিষেধাজ্ঞার বিরুদ্ধে তীব্র প্রতিবাদ এবং নিন্দা জানিয়েছেন। চীন এ নিষেধাজ্ঞার জবাবে একইরকম পাল্টা পদক্ষেপ নেবে বলেও তিনি হুঁশিয়ার করেছেন।