গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ বলেছেন, ‘পূর্বাচল নতুন শহর প্রকল্প এলাকার আদিবাসী ও সাধারণ ক্ষতিগ্রস্তদের জন্য প্লট বরাদ্দে কোনো ধরনের অনিয়ম সহ্য করা হবে না।’ গতকাল মঙ্গলবার রাজধানী উন্নয়ন কর্র্তৃপক্ষের (রাজউক) সম্মেলন কক্ষে পূর্বাচল নতুন শহর প্রকল্প এলাকায় ক্ষতিগ্রস্তদের জন্য প্লট বরাদ্দবিষয়ক বিশেষ সভায় এ কথা বলেন তিনি।
শরীফ আহমেদ বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা পূর্বাচল নতুন শহর প্রকল্পের শুরুর দিকে প্রকল্প এলাকা নৌকাযোগে পরিদর্শন করেন। এ সময় তিনি সেখানকার স্থায়ী আদিবাসী ও ক্ষতিগ্রস্তদের প্রতিশ্রুতি দেন, রাষ্ট্র পরিচালনার দায়িত্বভার পেলে প্রকল্প এলাকায় ক্ষতিগ্রস্তদের জন্য তিনি প্রয়োজনীয় সংখ্যক প্লট বরাদ্দের ব্যবস্থা করবেন। সেই প্রতিশ্রুতি বাস্তবায়নে আমরা কাজ করছি। ক্ষতিগ্রস্তদের অগ্রাধিকার ভিত্তিতে প্লট বরাদ্দ দেওয়া আমাদের নৈতিক দায়িত্ব।’
তিনি আরও বলেন, ‘২০২০ সালের ডিসেম্বর মাসেই পূর্বাচল নতুন শহর প্রকল্প এলাকায় ক্ষতিগ্রস্তদের মধ্যে প্লট বরাদ্দ দেওয়ার জন্য প্রধানমন্ত্রীর কাছে আমরা প্রতিশ্রুতি দিয়েছি। সেই প্রতিশ্রুতি রক্ষায় আপনারা সবাই মিলে আন্তরিকতা, নিষ্ঠা ও দক্ষতার সঙ্গে সহযোগিতা করবেন।’