আগামী ১ এপ্রিল থেকে রাজধানীর ঘাটারচর-মতিঝিল রুটে পাইলট আকারে বাস রুট ফ্র্যাঞ্চাইজি চালু হচ্ছে। গতকাল মঙ্গলবার নগরভবনে গণপরিবহনে শৃঙ্খলা আনয়ন ও যানজট নিরসনে ‘রোড রেশনালাইজেশন কমিটির’ ১৪তম সভায় এ তথ্য জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র শেখ ফজলে নূর তাপস।
ডিএসসিসি মেয়র বলেন, ‘বাস রুট রেশনালাইজেশন সম্পর্কিত বিশেষজ্ঞদের কাছ থেকে ৯টি ক্লাস্টারে ২২টি কোম্পানি ও ৪২টি রুটের যে প্রস্তাবনা এসেছে, সেটা আমরা চূড়ান্ত করেছি। তারই আলোকে আমরা প্রাথমিকভাবে একটি রুটের আংশিক অংশে ঘাটারচর থেকে মতিঝিল অংশে পাইলটিং হিসেবে ফ্র্যাঞ্চাইজি ব্যবস্থা প্রবর্তন করতে যাচ্ছি। আগামী ৩১ মার্চের মধ্যে এই প্রাথমিক পর্যায়ের ফ্র্যাঞ্চাইজি প্রবর্তনের কার্যক্রম সম্পন্ন করার একটি সুনির্দিষ্ট লক্ষ্য নির্ধারণ করেছি। যারা অংশীদার আছেন, তাদের সঙ্গে পুঙ্খানুপুঙ্খ বিচার-বিশ্লেষণ করে আমরা দায়িত্বগুলো ভাগ করে নিয়েছি। এই সময়সীমার মধ্যে স্ব স্ব অংশীদার ও কর্তৃপক্ষ এ দায়িত্বগুলো সম্পন্ন করতে পারব বলে আমরা আশাবাদী। এই কার্যক্রম সম্পন্ন করতে পারলে ঘাটারচর-মতিঝিল অংশে ফ্র্যাঞ্চাইজি কার্যক্রমের শুভ সূচনা করতে পারব।’
আগামী ১৯ জানুয়ারি কমিটির পরবর্তী সভা আহ্বান করা হয়েছে জানিয়ে তিনি আরও বলেন, ‘বর্তমানে আমাদের পরিকল্পিত ঘাটারচর-মতিঝিল রুটে ১৬৫ বাস চলাচল করে। মালিকপক্ষ পরবর্তী সভার আগে এই সময়সীমার মধ্যে কোম্পানি গঠনের জন্য একটি জয়েন্ট ভেঞ্চার অ্যাগ্রিমেন্ট করবে।’
এ সময় ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম বলেন, ‘ঢাকা উত্তর ও দক্ষিণের, আমাদের দুজনেরই একটি যানজটমুক্ত শহর উপহার দেওয়ার ম্যানিফেস্টো ছিল। এই শহরে প্রচুর যানজট এবং একটি বাসের সামনে আরেকটি বাসের আগে যাওয়ার প্রতিযোগিতা। কিন্তু আজকে আমরা অনেকক্ষণ পুঙ্খানুপুঙ্খভাবে কার কী দায়িত্ব সেটি নিয়ে আলাপ করেছি। এটি অত্যন্ত একটি জটিল ব্যাপার। কিন্তু তারপরও আমরা সবাই মিলে যদি একসঙ্গে কাজ করতে পারি, তাহলে সমস্যার সমাধান সম্ভব হবে। তারই পরিপ্রেক্ষিতে আমরা ঘাটারচর থেকে মতিঝিল পর্যন্ত পাইলটিং হিসেবে বাস রুট ফ্র্যাঞ্চাইজি চালু করছি।’
বৈঠকে কমিটির সদস্যদের মধ্যে ঢাকা মহানগর পুলিশ কমিশনার মোহা. শফিকুল ইসলাম, বিআরটিএর চেয়ারম্যান নূর মোহাম্মদ মজুমদার, বিআরটিসির চেয়ারম্যান মো. এহসানে এলাহী, বাস রুট রেশনালাইজেশন কমিটির সদস্য সচিব ও ডিটিসিএর নির্বাহী পরিচালক খন্দকার রাকিবুর রহমানসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।