ইসিকে বিএনপি

সীমিত সুযোগেও প্রচারে প্রতিবন্ধকতা সৃষ্টি করছে সরকার

‘নিয়ন্ত্রিত রাজনীতির’ সীমিত সুযোগেও সরকার নির্বাচনী প্রচারে প্রতিবন্ধকতা সৃষ্টি করছে বলে অভিযোগ করেছে বিএনপি। আসন্ন পৌরসভা, উপজেলা পরিষদ, ইউনিয়ন পরিষদ সাধারণ নির্বাচন/উপনির্বাচন নিয়ে দলটির পক্ষ থেকে গতকাল মঙ্গলবার নির্বাচন কমিশনে (ইসি) জমা দেওয়া অভিযোগপত্রে এ কথা বলা হয়েছে। গতকাল রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে ইসির জ্যেষ্ঠ সচিব মো. আলমগীরের কাছে অভিযোগপত্র জমা দেয় বিএনপির প্রতিনিধিদল। এ সময় দলটির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন ও সাংগঠনিক সম্পাদক ইমরান সালেহ প্রিন্স উপস্থিত ছিলেন।

অভিযোগপত্রে বলা হয়, ‘বর্তমান সরকার বাংলাদেশের নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করে দিয়ে জনগণের স্বাধীন ভোটাধিকারের মাধ্যমে জনপ্রতিনিধি নির্বাচনের পথ সংকুচিত করে দিয়েছে। তথাপি গণতন্ত্রের বৃহত্তর স্বার্থে বিএনপি নির্বাচনে অংশগ্রহণ করছে। কিন্তু দুর্ভাগ্য, নিয়ন্ত্রিত রাজনীতির সীমিত সুযোগেও সরকার নির্বাচনী প্রচার-প্রচারণায় প্রতিবন্ধকতা সৃষ্টি করছে। আমরা বারবার স্থানীয় প্রশাসন ও নির্বাচন কমিশনকে অভিযোগ করার পরও তারা অজ্ঞাত কারণে নীরব দর্শকের ভূমিকা পালন করে আসছে।'