নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চ শহরের দুই মসজিদে হামলা করার আগে কিছু দিন ভারতে কাটান ৫১ ব্যক্তির হত্যাকারী ব্রেন্টন টরেন্ট। আরও কয়েকটি দেশ ঘুরে পরে ফিরে যান নিজের দেশে।
মঙ্গলবার প্রকাশিত সেই হামলার বিস্তারিত প্রতিবেদন থেকে জানা গেছে, ব্রেন্টন টরেন্ট ভারতে তিন মাস কাটান।
গত বছরের ১৫ মার্চ নারকীয় হত্যাযজ্ঞ চালায় এই যুবক। তখন সেখানে নামাজ পড়ার কথা ছিল বাংলাদেশি ক্রিকেটারদের। কিন্তু মাঠের সংবাদ সম্মেলনে দেরি হয়ে যাওয়ায় খেলোয়াড়রা পরে রওনা হন। গুলি চলার সময় মসজিদের প্রবেশমুখে এক নারী তাদের সতর্ক করলে সবাই ফিরে আসেন।
রয়্যাল কমিশন অব ইনকোয়ারির ৭৯২ পাতার রিপোর্টে বলা হয়েছে, স্কুল ছাড়ার পর ৩০ বছর বয়সী এই হামলাকরী লোকাল জিমের ব্যক্তিগত ট্রেনার হিসেবে কাজ করেছেন। ২০১২ সালে একটা চোট পাওয়ার আগে পর্যন্ত এটাই ছিল তার কাজ।
রিপোর্টে দাবি করা হয়, ২০১৪ সালের ১৫ এপ্রিল থেকে ২০১৭ সালের ১৭ আগস্টের মধ্যে সব জায়গায় একাই ঘুরেছেন ক্রাইস্টচার্চের এই ঘাতক। ব্যতিক্রম উত্তর কোরিয়া। একটি দলের অংশ হয়ে যান কিম জং-উনের দেশে।
সব থেকে বেশি সময় কাটিয়েছেন ভারতে। ২০১৫ সালের ২১ নভেম্বর থেকে ২০১৬ সালের ১৮ ফেব্রুয়ারি পর্যন্ত তিনি ভারতে ছিলেন।
বিদেশে ঘোরার সময় চরমপন্থী কোনো সংগঠনের সঙ্গে দেখা করেছেন, এমন প্রমাণ তদন্তকারীরা পাননি।