চিনিকলে আখমাড়াই বন্ধের প্রতিবাদে জেলা প্রশাসকের কার্যালয় ঘেরাও

পাবনাসহ দেশের ছয়টি চিনিকলের আখমাড়াই কার্যক্রম বন্ধ করার প্রতিবাদে জেলা প্রশাসকের কার্যালয় ঘেরাও করে বিক্ষোভ করেছে পাবনা চিনিকলের শ্রমিক-কর্মচারী ও আখ চাষিরা।

বুধবার সকালে বিক্ষোভ কর্মসূচি শেষে তারা সরকারের এ সিদ্ধান্ত পরিবর্তনের দাবিতে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপিও প্রদান করে।

এ সময় পাবনা সুগার মিলের শ্রমিক ইউনিয়নের সভাপতি সাজেদুল ইসলাম শাহিন, সাধারণ সম্পাদক আশরাফুজ্জামান উজ্জ্বল, বাংলাদেশ আখ চাষি ফেডারেশনের সাধারণ সম্পাদক শাজাহান আলি বাদশা, পাবনা চিনিকলের আখ চাষি আনসারুল হক বক্তব্য দেন।

বক্তারা অবিলম্বে পাবনা চিনিকলসহ দেশের সব কটি চিনিকলের আখমাড়াই পুনরায় শুরু করার দাবি জানান। কৃষক ও শ্রমিকদের স্বার্থে চিনিকল চালু করে সাধারণ কৃষক ও শ্রমিকদের রক্ষা করার দাবি জানান তারা। 

শ্রমিক নেতা আশরাফুজ্জামান উজ্জ্বল বলেন, আকস্মিক চিনিকলের আখমাড়াই বন্ধ ঘোষণা করায় কর্মহীন হয়ে পড়ার আশঙ্কায় পড়েছে পাবনা চিনিকলের প্রায় সাত শতাধিক শ্রমিক-করমচারি। চিনিকল বন্ধ করা হলে পরিবার পরিজন নিয়ে পথে বসতে হবে।

সাধারণ শ্রমিকদের স্বার্থ রক্ষায় পাবনা চিনিকলের আখ মাড়াই কার্যক্রম পুনরায় শুরু করার দাবি জানান তিনি।

আখ চাষি ফেডারেশনের সাধারণ সম্পাদক শাজাহান আলি বাদশা বলেন, আকস্মিকভাবে আখ মাড়াই কার্যক্রম বন্ধ করায় বিপাকে পরেছে সাধারণ কৃষকরা। মাঠ ভরা আখ রয়েছে, কিন্তু মাড়াই কার্যক্রম বন্ধ হয়ে যাওয়ায় বিপুল  পরিমান আখ নিয়ে আমরা কি করব তা বুঝে উঠতে পারছি না।

বিক্ষুব্ধ চিনিকলের শ্রমিক, কর্মচারি ও আখ চাষিরা পরে প্রধানমন্ত্রীর কাছে আখ মাড়াই বন্ধ ঘোষণা করা মিল পুনরায় চালু করার দাবি জানিয়ে একটি স্মারকলিপি প্রদান করে।

স্মারকলিপি গ্রহন করে পাবনা জেলা প্রশাসক কবির মাহামুদ বলেন, আখ চাষি ও শ্রমিক কর্মচারীদের দাবি দাওয়া উপর মহলে অবহিত করা হবে।