শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি একতা সম্পাদক রাশেদা

সাপ্তাহিক একতার সম্পাদক ও বাংলাদেশ কমিউনিস্ট পার্টির (সিপিবি) কেন্দ্রীয় সদস্য এ এন রাশেদা শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। ভর্তির পর তার করোনা পরীক্ষার ফলাফল পজিটিভ আসে। এ এন রাশেদার বর্তমান বয়স ৭১।

তিনি রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন আছেন বলে জানা গেছে।

উদীচী বাড্ডা থানার সহ-সভাপতি শান্তনু কুমার দাশ দেশ রূপান্তরকে এসব তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, এ এন রাশেদা ৫ ডিসেম্বর থেকে জ্বরে আক্রান্ত ছিলেন। ৭ তারিখে করোনা টেস্ট করানো হয়। ৮ তারিখ শ্বাসকষ্ট শুরু হলে বিএসএমইউতে তাকে ভর্তি করা হয়। ওই দিন তার করোনা পরীক্ষার ফলাফল পজিটিভ আসে।

এ এন রাশেদা নটরডেম কলেজের অবসরপ্রাপ্ত শিক্ষক। তিনি সাপ্তাহিক একতা ও মাসিক শিক্ষাবার্তার সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর সহসভাপতি ও সিপিবি কেন্দ্রীয় কমিটির সদস্য।