আকাশচারী আব্বাস ইবনে ফিরনাস

রাইট ভ্রাতৃদ্বয়ের হাজার বছর আগেই আকাশজয়ের প্রচেষ্টা শুরু হয়। মুসলিম বিজ্ঞানী আব্বাস ইবনে ফিরনাসই পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম সফলভাবে আকাশে উড়াল দেন। যদিও তিনি সফলভাবে অবতরণ করতে ব্যর্থ হন, তবুও তার নাম ইতিহাসে সোনার হরফে লেখা আছে।

৮১০ খ্রিস্টাব্দে স্পেনের রোন্ডায় তিনি জন্মগ্রহণ করেন। কর্ডোভা ও বাগদাদের বিভিন্ন শিক্ষাকেন্দ্রে পড়াশোনা করেন। সেখানে জ্ঞান-বিজ্ঞানের বহু শাখায় তিনি পা-িত্য অর্জন করেন। প্রকৌশল, উড্ডয়ন, চিকিৎসা, রসায়ন, পদার্থ, আরবি সাহিত্য ইত্যাদিতে বিশেষ খ্যাতি লাভ করেন।

ইবনে ফিরনাস ‘আল-মাকাতা’ নামক জলঘড়ির নকশা করেন। স্বচ্ছ কাঁচ নির্মাণের জন্য যন্ত্রের নকশা প্রণয়ন করেন। জ্যোতির্বিজ্ঞানের জন্য প্ল্যানিস্ফিয়ার নামক যন্ত্র ও পাঠের উপযোগী লেন্স প্রস্তুত করেন। গ্রহ-নক্ষত্রের ঘূর্ণন প্রদর্শনের জন্য কার্যকর মডেলও তিনি আবিষ্কার করেন। স্ফটিক কাটার প্রক্রিয়া তার গুরুত্বপূর্ণ আবিষ্কার। বিজ্ঞানে তিনি অসংখ্য বই রচনা করেন। এছাড়াও কর্ডোভার এক সংগীত বিদ্যালয়ে শিক্ষকতাও তিনি করেছেন।  তবে আকাশজয়ের অদম্য ইচ্ছা তাকে অমর করে রেখেছে। ৮৬৫ সালে পাখির পালকের তৈরি ডানাওয়ালা পোশাকে আবৃত হয়ে, কর্ডোভার কাছের আরুস পাহাড় থেকে ঝাঁপ দিয়ে প্রায় দশ মিনিট সফলভাবে আকাশে উড়ে বেড়ান তিনি। কিন্তু অবতরণের সময় দুর্ঘটনার কারণে মারাত্মকভাবে আহত হন। ৮৮৭ সালে কর্ডোভায় ইন্তেকাল করেন।

আকাশজয়ের পথিকৃত হিসেবে তাকে ‘বিমানের পিতা’ বলা হয়। বিজ্ঞানে তার অসামান্য অবদানের জন্য চাঁদের একটি গহ্বরকে ‘ইবনে ফিরনাস’ নামকরণ করেন বিজ্ঞানীরা।