বেগম রোকেয়া দিবসে উপলক্ষে জয়িতাদের সম্মাননা

আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উপলক্ষে গতকাল বুধবার নির্দিষ্ট কয়েকটি ক্ষেত্রে সফল নারীদের ‘জয়িতা সম্মাননা’ দেওয়া হয়েছে। এ বছর দিবসটির প্রতিপাদ্য ছিল ‘কমলা রঙের বিশ্বে নারী, বাধার পথ দেবেই পাড়ি।’ জেলা-উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে সম্মাননা ছাড়াও অনুষ্ঠানমালার মধ্যে ছিল আলোচনাসভা। ঢাকার বাইরের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর :

রাজশাহী : রাজশাহীর একমাত্র নারী পত্রিকা বিক্রেতা দিল আফরোজ খুকি এবার রাজশাহী জেলার জয়িতার পুরস্কার পেয়েছেন। রাজশাহী মহানগরীর সপুরায় মানবসম্পদ উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্রের হলরুমে খুকিসহ ১০ জনকে জয়িতা হিসেবে পুরস্কৃত করা হয়, দেওয়া হয় সংবর্ধনা। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক আবদুল জলিল। বিশেষ অতিথি ছিলেন সমাজসেবী শাহিন আক্তার রেনী, অধ্যাপক ড. তানজিমা জোহরা হাবিব ও মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক শবনম শিরিন।

ব্রাহ্মণবাড়িয়া : পাঁচ নারীকে জয়িতা সংবর্ধনা দিয়েছে জেলা প্রশাসন। বেলা ১১টায়  জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক হায়াত উদ  দৌলা খান। জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক সালমা আহমেদের সভাপতিত্বে সম্মাননা জানানো হয় শিক্ষায় ফরিদা নাজমিন, সমাজ উন্নয়নে তাসলিমা সুলতানা খানম নিশাত, সফল জননী রাবিয়া খাতুন, অর্থনৈতিক সাফল্যে গীতা রানী দাস ও নির্যাতন থেকে ঘুরে দাঁড়ানোতে সানজিদা আক্তার।

ঝিনাইদহ : জেলা প্রশাসনের সম্মেলনকক্ষে সম্মাননা ও আলোচনা সভায় বক্তব্য রাখেন সংরক্ষিত মহিলা আসনের সাংসদ খালেদা খানম, জেলা প্রশাসক সরোজ কুমার নাথ, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক নিলুফার রহমান প্রমুখ। পরে ১০ নারীকে জয়িতা সম্মাননা প্রদান করা হয়।

কমলগঞ্জ (মৌলভীবাজার) : সংবর্ধিত জয়িতারা হলেন সফল জননী নারী ক্যাটাগরিতে মঞ্জুশ্রী সিনহা, উপজেলা পর্যায়ে সমাজ উন্নয়নে অসামান্য অবদান ক্যাটাগরিতে রুবিনা আক্তার ও ইউনিয়ন পর্যায়ে সমাজ উন্নয়নে অবদান ক্যাটাগরিতে আমিনা ইসলাম। মোংলা (বাগেরহাট) : সকালে অফিসার্স ক্লাবে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কমলেশ মজুমদার। এ সময় অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী নারী হিসেবে ঝর্ণা আক্তার, শিক্ষা ও চাকরির ক্ষেত্রে অবদান রাখায় ডা. মৌসুমী আফরোজা মৌ, সফল জননী কদবানু বেগম, নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যমে জীবন গড়ায় সাবিনা খাতুন ও সমাজ উন্নয়নে অসামান্য অবদান রাখায় শিপ্রা হালদারের হাতে জয়িতা সম্মাননা স্মারক ও ক্রেস্ট তুলে দেওয়া হয়।

বরগুনা : অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী নারী ক্যাটাগরিতে দোলন মিত্র, শিক্ষা ও চাকরির ক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারী ক্যাটাগরিতে মোসা. নুরজাহান বেগম, সফল জননী মোসা. রাহিমা বেগম, নির্যাতনে বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যমে জীবন ক্যাটাগরিতে লাইলি ও সমাজ উন্নয়নে অসামান্য অবদান ক্যাটাগরিতে মোসা. মনিরা বেগমের হাতে জয়িতা সম্মাননা তুলে দেওয়া হয়।