চট্টগ্রামের পটিয়ায় মাজারের ওরশের টাকা তুলতে গিয়ে প্রাইভেটকার চাপায় ফয়সাল ইসলাম জিসান নামের ১১ বছর বয়সী এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে।
বুধবার বিকেলে পটিয়া চট্টগ্রাম কক্সবাজার আরকান মহাসড়কের খরনা রাস্তার মাথায় এই দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, করোনায় স্কুল বন্ধ থাকায় সকাল থেকেই সহপাঠীদের সঙ্গে খেলছিল ফয়সাল ইসলাম জিসান। সেখান থেকে নুরুউদ্দীন ফকির মাজারের ওরশের জন্য টাকা তুলতে যায় জিসান। খরনা রাস্তায় মাথায় এসে স্থানীয় কয়েকজনের সঙ্গে মাজারের টাকা তোলার সময় দ্রুতগতির একটি প্রাইভেটকার এসে তাকে চাপা দিলে ঘটনাস্থলেই মারা যায় জিসান। পরে মাজার কর্তৃপক্ষ তার লাশ সড়কে রেখেই পালিয়ে যায়।
জিসানের বাবা মো. ফারুক দেশ রূপান্তরকে বলেন, মাজার কমিটি আমার ছোট ছেলেকে নিয়ে টাকা তুলতে যায়। টাকা তুলতে গিয়ে প্রাইভেট কারের ধাক্কায় আমার ছেলে মারা যায়। কিন্তু ওরা আমার ছেলেটাকেও ধরল না, গাড়িটাকেও ধরল না।
পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম মজুমদার দেশ রূপান্তরকে বলেন, আমরা বিষয়টি খতিয়ে দেখছি। এই বিষয়ে কারো অবহেলা থেকে থাকলে আমরা তাদের আইনের আওতায় আনব। নিহত শিশুটির পরিবারের অনুরোধে লাশটি ময়নাতদন্ত ছাড়া দাফনের অনুমতি দেওয়া হয়েছে।
এ ঘটনায় প্রাইভেটকারটি আটক করা সম্ভব হয়নি বলেও জানান ওসি।