চট্টগ্রাম জেলা পরিষদের নিজস্ব অর্থায়নে বাড়ি নির্মাণ

৫০ গৃহহীন পরিবারের মুখে হাসি

‘মুজিববর্ষে কেউ থাকবে না গৃহহীন’ সরকারের এই প্রত্যয় সামনে রেখে চট্টগ্রামের ৫০ গৃহহীন পরিবারকে বাড়ি নির্মাণ করে দেওয়ার উদ্যোগ নিয়েছে চট্টগ্রাম জেলা পরিষদ। চট্টগ্রামের ১৫ উপজেলার ‘জমি আছে ঘর নেই’ এরূপ ৫০ পরিবারকে ২৪/৩১ ফুটের সেমিপাকা ঘর নির্মাণ করে দেওয়া হবে।

এ প্রসঙ্গে চট্টগ্রাম জেলা পরিষদের চেয়ারম্যান এম এ সালাম দেশ রূপান্তরকে বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের গর্ব ও অহংকার। মুজিববর্ষে তার প্রতি শ্রদ্ধা ও সম্মান জানিয়ে চট্টগ্রামের গৃহহীন ৫০ পরিবারকে বাড়ি নির্মাণ করে দেওয়া হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় চট্টগ্রাম জেলা পরিষদের নিজস্ব অর্থায়নে এসব বাড়ি নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। শিগগিরই চট্টগ্রামের বিভিন্ন উপজেলায় এসব বাড়ি নির্মাণের কাজ শুরু হবে। ইতিমধ্যে টেন্ডারও হয়েছে।

জেলা পরিষদ সূত্রে জানা যায়, চট্টগ্রামের ১৫ উপজেলার জমি আছে ঘর নেই এরূপ পরিবারের তালিকা সংগ্রহ করা হয়েছে। জেলা পরিষদের চেয়ারম্যান, প্রধান নির্বাহী কর্মকর্তা, জেলা পরিষদ সদস্যরা যাচাই-বাছাই করে চট্টগ্রামের ৫০ গৃহহীন পরিবারকে ২৪/৩১ ফুটের সেমিপাকা ঘর নির্মাণ করে দেওয়া হবে। এতে থাকবে দুটি বেডরুম, একটি কিচেন ও একটি টয়লেট। প্রতিটি বাড়ি নির্মাণে ব্যয় ধরা হয়েছে ৫ লাখ ৮২ হাজার।

চট্টগ্রাম জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা শাব্বির ইকবাল দেশ রূপান্তরকে বলেন, মুজিববর্ষের উপহার হিসেবে চট্টগ্রামের ৫০ গৃহহীন পরিবারকে জেলা পরিষদের নিজস্ব অর্থায়নে বাড়ি নির্মাণ করে দেওয়া হচ্ছে। এসব গৃহহীনের বাড়ি নির্মাণের বিষয়ে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সিনিয়র সচিব হেলাল উদ্দিন দিকনির্দেশনা দিয়েছেন।

চট্টগ্রাম জেলা পরিষদ চেয়ারম্যান মহোদয়ের নির্দেশনায় এসব বাড়ির নকশা প্রণয়নকাজ শেষ হয়েছে। আগামী ১৭ মার্চের মধ্যে এসব বাড়ি নির্মাণ করে সংশ্লিষ্টদের বুঝিয়ে দেওয়া হবে। ইতিমধ্যে ৩০টি বাড়ি নির্মাণের জন্য টেন্ডার করা হয়েছে। বাকিগুলো পর্যায়ক্রমে টেন্ডারে যাবে।

তিনি আরও বলেন, চট্টগ্রাম যেহেতু দুর্যোগপ্রবণ এলাকা। তাই গৃহহীনদের বাড়ি নির্মাণে বিষয়টি মাথায় রেখে ইটের পরিবর্তে আরসিসি পিলার দেওয়া হবে। যাতে টেকসই হয়। এসব ৫০ গৃহহীন পরিবারকে বাড়ি নির্মাণের পাশাপাশি একটি করে টিউবওয়েলও বসিয়ে দেওয়া হবে।