বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) উপাচার্য অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া বলেছেন, বঙ্গবন্ধুর ভাস্কর্যে আঘাত মানে মুক্তিযুদ্ধের চেতনার ওপর আঘাত। বর্তমানে একাত্তরের পরাজিত মৌলবাদী অপশক্তি আবার মাথাচাড়া দিয়ে উঠেছে। দেশের মানুষকে সঙ্গে নিয়ে সব অপশক্তিকে প্রতিহত করা হবে। বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুরের প্রতিবাদে গতকাল বুধবার জাতীয় জাদুঘরের সামনে আয়োজিত সমাবেশে এ কথা বলেন তিনি।
বিএসএমএমইউ উপাচার্য বলেন, ‘বঙ্গবন্ধুর নেতৃত্বে দীর্ঘ আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে পৃথিবীর বুকে স্বাধীন বাংলাদেশের সৃষ্টি হয়েছিল। বাংলাদেশের মানুষ অসাম্প্রদায়িক। কিছুসংখ্যক ধর্মান্ধ উগ্র মৌলবাদী মহান মুক্তিযুদ্ধের চেতনার ওপর আঘাত করে বাংলাদেশকে বারবার পিছিয়ে দেওয়ার চেষ্টা করেছে। কিন্তু তারা কোনো দিন সফল হয়নি।’
ডা. কনক কান্তি আরও বলেন, ‘যখন করোনাভাইরাসের কারণে সৃষ্ট বিশ্ব মহামারীর মধ্যেও প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। তখন ষড়যন্ত্রকারীরা বঙ্গবন্ধুর ভাস্কর্যের ওপর আঘাত করে নতুন ইস্যু তৈরি করে বাংলাদেশকে পিছিয়ে নিতে চায়।’ বঙ্গবন্ধুর ভাস্কর্য নিয়ে যারা উগ্র বক্তব্য দিয়েছে তাদের চিহ্নিত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তিনি।
প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ডা. সাহানা আখতার রহমান, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডা. মুহাম্মদ রফিকুল আলম, উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো. জাহিদ হোসেন, প্রক্টর অধ্যাপক ডা. সৈয়দ মোজাফফর আহমেদ, বিভিন্ন বিভাগের ডিন, বিভাগীয় চেয়ারম্যান, শিক্ষক, অফিসপ্রধান, চিকিৎসক, ছাত্রছাত্রী, কর্মকর্তা, নার্স, মেডিকেল টেকনোলজিস্ট এবং কর্মচারীরা।