র‌্যাকের মানববন্ধনে দুদক সচিব

দুর্নীতির সাজা নিশ্চিতে আইন সংশোধন হবে

দুর্নীতিবাজদের সাজা নিশ্চিত করতে দুর্নীতি দমন কমিশন (দুদক) প্রয়োজনে আইন সংশোধনের উদ্যোগ নেবে বলে জানিয়েছেন সংস্থাটির সিনিয়র সচিব দিলোয়ার বখ্ত। তিনি বলেন, ‘দুর্নীতিবাজদের ধরতে দুদককে আরও আধুনিকায়ন করা হচ্ছে। তথ্যপ্রযুক্তির সাহায্য নিয়ে দুর্নীতিবাজদের আইনের আওতায় আনা হবে।’

গতকাল বুধবার আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উপলক্ষে দুদক বিটে কর্মরত সাংবাদিকদের সংগঠন রিপোর্টার্স অ্যাগেইনস্ট করাপশন (র‌্যাক) আয়োজিত মানববন্ধনে এসব কথা বলেন তিনি।

দুদক সচিব আরও বলেন, ‘পৃথিবীর সব দেশ আজ একসঙ্গে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালন করছে। দুর্নীতি প্রতিরোধে বিভিন্ন সময়ে রিপোর্ট প্রকাশিত হয়। যার ওপর ভিত্তি করেই দুর্নীতির বিরুদ্ধাচরণ করা প্রতিষ্ঠানগুলো কাজ করে যাচ্ছে।’

‘শুদ্ধাচারেই পুনরুদ্ধার’ প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও ১৮তম আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত হয়। ২০০৩ সালের ৯ ডিসেম্বরকে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস ঘোষণা করে জাতিসংঘ। সারা বিশ্বকে দুর্নীতির বিরুদ্ধে ঐক্যবদ্ধ করার লক্ষ্যে ইউনাইটেড নেশনস কনভেনশন অ্যাগেইনস্ট করাপশনের (আনকাক) মাধ্যমে দুর্নীতিবিরোধী কার্যক্রম পরিচালনা করছে সংস্থাটি। আনকাকের সদস্য রাষ্ট্র হিসেবে ২০০৭ সালে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালন শুরু করে বাংলাদেশ। যদিও সরকারিভাবে ২০১৭ সাল থেকে দিবসটি পালন করা হয়।