সুনামগঞ্জের দক্ষিণ সুনামগঞ্জে পাওনা টাকা না পেয়ে জামিনদার স্কুলের দপ্তরিকে গাছে বেঁধে পেটানোর ঘটনায় বহিষ্কৃত যুবলীগ নেতা শাহনুর মিয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার ভোরে পার্শ্ববর্তী জামালগঞ্জ উপজেলা ভীমখালী ইউনিয়নের লালবাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
দক্ষিণ সুনামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী মুক্তাদির হোসেন বলেন, তথ্যপ্রযুক্তি ব্যবহার করে শাহনুর মিয়াকে গ্রেপ্তার করা হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে তাকে আজ আদালতে সোপর্দ করা হবে।
প্রসঙ্গত, পাওনা টাকা না পেয়ে গত ৬ ডিসেম্বর রবিবার জেলার দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার শিমুলবাঁক ইউনিয়নের মুক্তাখাই গ্রামের বাসিন্দা ও মুক্তাখাই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরি তোফায়েল আহমেদকে গাছে বেঁধে মারধর করেন একই গ্রামের মনোয়ার আলীর ছেলে শাহনুর মিয়া।
মারধরের ভিডিও ফেইসবুকে ভাইরাল হলে ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহ্বায়কের পদ থেকে শাহনুর মিয়াকে বহিষ্কার করা হয়।
এ ঘটনায় ৮ ডিসেম্বর মঙ্গলবার নির্যাতনের শিকার ওই দপ্তরি মো. তোফায়েল আহমদ বাদী হয়ে অভিযুক্ত শাহনুর মিয়ার বিরুদ্ধে দক্ষিণ সুনামগঞ্জ থানায় নির্যাতনের অভিযোগ দায়ের করেন।