বর্ণবাদের প্রতিবাদী ম্যাচে নেইমারের হ্যাটট্রিক

চতুর্থ রেফারির বর্ণবাদী আচরণের প্রতিবাদে মঙ্গলবার ম্যাচের ১৪ মিনিটেই মাঠ থেকে উঠে গিয়েছিল ইস্তানবুল বাসাকসেহির ও পিএসজি। ২৪ ঘণ্টা পর রুমানীয়দের বাদ দিয়ে নতুন চার অফিশিয়ালে পরিচালিত হয় ম্যাচ। সেখানে নেইমারের হ্যাটট্রিকে তুর্কি ক্লাবকে ৫-১ গোলে গুঁড়িয়ে চ্যাম্পিয়নস লিগের এইচ গ্রুপের সেরা হয়েছে প্যারিসের জায়ান্টরা। নেইমারের তিন ও এমবাপের জোড়া গোলে সমান ১২ পয়েন্ট পাওয়া আরবি লাইপজিগের চেয়ে শ্রেয়তর গোলগড়ে গ্রুপের শীর্ষস্থান দখল করেছে পিএসজি।

পিএসজির জয়টা দরকার ছিল গ্রুপসেরা হওয়ার জন্য। ম্যাচ শুরুর আগে হাঁটু গেড়ে বসে এক হাত উপরে তুলে বর্ণবাদবিরোধী আন্দোলনের ‘ব্ল্যাক লাইভস ম্যাটার’ প্রতি সংহতি জানায় দু’দলের খেলোয়াড় ও বদলি হওয়া রেফারিরা। ম্যাচের ২১ মিনিটে নেইমারের গোলে এগিয়ে যায় পিএসজি। ৩৮ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন ব্রাজিলিয়ান তারকা। পরের মিনিটে পিএসজির মিচেল বাকরের গোল ভিএআরে বাতিল হয়। কিন্তু সেই গোলের বিল্ডআপে নেইমারকে বাসাকসেহিরের গোলকিপার ফাউল করায় পেনাল্টির বাঁশি বাজান রেফারি। নেইমারের হ্যাটট্রিকের সুযোগ থাকলেও স্পট কিক নেন এমবাপে। তবে ৫০ মিনিটেই হ্যাটট্রিক পূরণ করেন নেইমার। চ্যাম্পিয়নস লিগ ক্যারিয়ারে এটি ব্রাজিলিয়ানের তৃতীয় হ্যাটট্রিক। তার চেয়ে বেশি ৮টি করে হ্যাটট্রিক আছে কেবল লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনালদোর। ৬২ মিনিটে ফের গোল করেন এমবাপে।

চ্যাম্পিয়নস লিগের ইতিহাসে প্রথম খেলোয়াড় হিসেবে আলাদা দুটি দলের হয়ে ন্যূনতম ২০টি করে গোলের রেকর্ড গড়লেন নেইমার (বার্সার হয়ে ২১, পিএসজির হয়ে ২০)। চ্যাম্পিয়নস লিগ ইতিহাসে সবচেয়ে কম বয়সী খেলোয়াড় হিসেবে ২০ গোল করে এমবাপে ভেঙেছেন মেসির রেকর্ড। ২১ বছর ৩৫৫ দিন বয়সে এ রেকর্ড গড়ার পথে মেসিকে (২২ বছর ২৬৬ দিন) পেছনে ফেলেছেন ফরাসি তারকা।

বায়ার্ন, আতলেতিকোর জয়

‘এ’ গ্রুপে নিজেদের শেষ ম্যাচে জয় পেয়েছে বায়ার্ন মিউনিখ ও আতলেতিকো মাদ্রিদ। বাভারিয়ানরা ২-০ গোলে হারিয়েছে লোকোমোটিভ মস্কোকে। আতলেতিকোও একই ব্যবধানে জিতেছে সালজবুর্গের মাঠে। ১৬ পয়েন্টে গ্রুপসেরা বায়ার্ন, ৯ পয়েন্টে দ্বিতীয় স্থানে থেকে প্রি-কোয়ার্টার নিশ্চিত করেছে ডিয়েগো সিমিওনের আতলেতিকো।

আতালান্তার প্রি-কোয়ার্টার নিশ্চিত

গেল মৌসুমে চ্যাম্পিয়নস লিগে প্রথমবার খেলতে এসে কোয়ার্টার ফাইনালে খেলেছিল আতালান্তা। এই মৌসুমেও গ্রুপ রানার্স আপ হয়ে প্রি-কোয়ার্টার নিশ্চিত করেছে ইতালির বারগেমো শহরের দলটি। আয়াক্সের মাঠে জিতেছে ১-০ গোলে। হারলে বাদ পড়ত আতালান্তা। কারণ তখন ১০ পয়েন্ট হতো আয়াক্সের, আতালান্তার ৮। ৭৯ মিনিটে মাঠে নামার ৬ মিনিটের মধ্যে জয়সূচক গোলটি করেন লুইস মুরেইল।

জেরার্ডকে ছাড়িয়ে সালাহ

আগেই গ্রুপসেরার স্থান নিশ্চিত করা লিভারপুল বুধবার খেলতে নেমেছিল মিডজিল্যান্ডের মাঠে। ম্যাচ শুরুর প্রথম মিনিটেই মোহামেদ সালাহ গোল করে দলকে এগিয়ে দেন। এই গোলের ফলে চ্যাম্পিয়নস লিগে স্টিভেন জেরার্ডকে ছাড়িয়ে সালাহ এখন লিভারপুলের সর্বোচ্চ গোলদাতা। সালাহর গোল ২২টি, জেরার্ডের ছিল ২১ গোল। ম্যাচটা শেষ পর্যন্ত ড্র হয়েছে ১-১ গোলে।

ম্যানসিটি গ্রুপসেরা

লিভারপুলের মতো ম্যানচেস্টার সিটিরও গ্রুপ চ্যাম্পিয়ন (সি গ্রুপে) নিশ্চিত হয়েছিল আগেই। তাই পেপ গার্দিওলাও নিয়মিত একাদশের অনেককে বিশ্রাম দিয়েছিলেন। কিন্তু পরিবর্তিত দল নিয়েই মার্শেইকে ৩-০ গোলে হারিয়েছে ইংলিশরা। ৬৭ মিনিটে মাহরেজের বদলি হিসেবে নামেন ইনজুরি কাটিয়ে দলে ফেরা সার্জিও আগুয়েরো। ১০ মিনিটের মধ্যে গোল করেন তিনি। এর আগে তোরেস করেন প্রথম গোল। শেষ গোলটি আত্মঘাতী।