মহান মুক্তিযুদ্ধে আত্মত্যাগকারী বীরশ্রেষ্ঠ শহীদ রুহুল আমিন ও বীরবিক্রম শহীদ মহিবুল্লাহর ৪৯তম শাহাদাতবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে গতকাল বৃহস্পতিবার খুলনায় শহীদদের মাজারে খুলনা নৌ অঞ্চলের আঞ্চলিক কমান্ডার রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ মুসা পুষ্পস্তবক অর্পণ ও গার্ড অব অনার প্রদান করেন। পরে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। এ সময়ে খুলনা নৌ অঞ্চলের ঊর্ধ্বতন কর্মকর্তা ও নৌ সদস্যগণ উপস্থিত ছিলেন।
দিবসটি পালন উপলক্ষে বীরশ্রেষ্ঠ শহীদ রুহুল আমিনের নামে নামকরণকৃত নৌবাহিনী জাহাজে সূর্যাস্ত পর্যন্ত পতাকা অর্ধনমিত রাখা হয়। এছাড়া বাদ জোহর খুলনা নৌ অঞ্চলের সকল মসজিদে মুক্তিযুদ্ধে শাহাদাতবরণকারী মুক্তিযোদ্ধাদের আত্মার মাগফিরাত, দেশের শান্তি, সমৃদ্ধি ও উন্নতি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। পাশাপাশি শহীদদের জীবনী এবং স্বাধীনতা যুদ্ধে তাদের অসামান্য অবদানের বিষয়ে বিশেষ আলোচনা অনুষ্ঠিত হয়।