পঞ্চম শ্রেণি : বাংলা

সৃজনশীল প্রশ্ন

এই দেশ এই মাটি

১. শব্দগুলোর অর্থ জেনে নাও

সৌভাগ্য  ভালো ভাগ্য।

প্রকৃতি  নিসর্গ।

বৈচিত্র্য  বিভিন্নতা। বেলাভূমি  সমুদ্রের তীরে বালুময় স্থান।

প্রান্তর  মাঠ, জনবসতি নেই এমন বিস্তীর্ণ স্থান।

স্বজন  নিজের লোক, আত্মীয়, বন্ধুবান্ধব।

সার্থক  সফল।

সাংরাই  রাখাইনদের নববর্ষ উৎসব।

বিজ  চাকমাদের নববর্ষ উৎসব।

২. নিচের শব্দগুলো দিয়ে বাক্য তৈরি করো।

প্রকৃতি, সৌভাগ্য, বৈচিত্র্য, বেলাভূমি, প্রান্তর, সার্থক, স্বজন

৩. বাংলাদেশ সম্পর্কে উত্তর দাও।

ক. বাংলাদেশে বাঙালি ছাড়া আর কারা বাস করে?

উত্তর : বাংলাদেশে বাঙালি ছাড়া বিভিন্ন ক্ষুদ্র জাতিসত্তার লোকজন বাস করে। এদের মধ্যে রয়েছে চাকমা, মারমা, মুরং, তঞ্চঙ্গা ইত্যাদি। পার্বত্য জেলাগুলোতে এদের বসবাস। এ ছাড়া রাজশাহী আর জামালপুরে রয়েছে সাঁওতাল ও রাজবংশীদের বসবাস।

খ. বাংলাদেশের বিভিন্ন ধর্মের উৎসবগুলোর নাম কী?

উত্তর : বাংলাদেশের বিভিন্ন ধর্মের উৎসবগুলোর মধ্যে মুসলমানদের রয়েছে দুটি ঈদ ঈদুল ফিতর ও ঈদুল আজহা। হিন্দুদের দুর্গাপূজাসহ আরও উৎসব ও পার্বণ। বৌদ্ধদের আছে বুদ্ধপূর্ণিমা। খ্রিস্টানদের আছে ইস্টার সানডে আর বড়দিন।

গ. বাংলাদেশের জনজীবনের বৈচিত্র্যগুলো কী কী?

উত্তর : বাংলাদেশের জনজীবনের বৈচিত্র্যগুলো হলো তাদের পেশা ও পোশাক-আশাক। এ দেশে কেউ জেলে, কেউ কুমার, কেউ কৃষক আবার কেউ কাজ করে অফিস-আদালতে। সবাই আমরা পরস্পরের বন্ধু। একজন তার কাজ দিয়ে অন্যজনকে সাহায্য করার মাধ্যমে গড়ে তুলছে এই দেশ। এ দেশের মানুষের পোশাক-আশাকও ভিন্ন ভিন্ন ধরনের, ভিন্ন ভিন্ন ধাঁচের। মিল আমাদের একটা জায়গায় আমরা সবাই বাংলাদেশের অধিবাসী।

ঘ. ‘দেশ হলো জননীর মতো’ দেশকে জননীর সঙ্গে তুলনা করা হয়েছে কেন?

উত্তর : ‘দেশ হলো জননীর মতো’ কথাটির অর্থ হলো মা যেমন তার স্নেহ-মমতা ভালোবাসা দিয়ে আমাদের আগলে রাখেন, দেশও তেমনি তার আলো-বাতাস ও সম্পদ দিয়ে আমাদের বাঁচিয়ে রেখেছে। মাকে আমরা যেমন ভালোবাসি, দেশকেও তেমনই ভালোবাসতে হবে। দেশকে ভালোবাসার মধ্য দিয়ে সার্থক হয়ে উঠবে আমাদের জীবন। এ জন্য দেশকে জননীর সঙ্গে তুলনা করা হয়েছে।

ঙ. জেলেরা কী কাজ করেন? তারা যদি কাজ না করেন, তাহলে আমাদের কী হতে পারে?

উত্তর : জেলেরা জাল দিয়ে নদী, খাল, বিল, সাগর ও পুকুর থেকে মাছ ধরেন। তারা যদি কাজ না করেন, অর্থাৎ মাছ না ধরেন, তাহলে আমরা মাছ পাব না । ‘মাছে-ভাতে বাঙালি’ এ কথাটি আর কেউ বলবে না।

চ. ‘ধর্ম যার যার, উৎসব যেন সবার’ এ কথার দ্বারা কী বোঝানো হয়েছে?

উত্তর : ‘ধর্ম যার যার, উৎসব যেন সবার’ এ কথার দ্বারা বোঝানো হয়েছে এ দেশে রয়েছে নানা ধর্মের লোক। হিন্দু, মুসলমান, বৌদ্ধ ও খ্রিস্টান। সবাই মিলেমিশে আছে যুগ যুগ ধরে। প্রত্যেক ধর্মের লোকদের আলাদা আলাদা ধর্মীয় উৎসব রয়েছে। এ ছাড়া রয়েছে নানা উৎসব। পহেলা বৈশাখ-নববর্ষের উৎসব। রয়েছে রাখাইনদের সাংরাই ও চাকমাদের বিজু উৎসব। ধর্ম আলাদা আলাদা হলেও বিভিন্ন উৎসবের যে আনন্দ, সেটা জাতি-ধর্ম নির্বিশেষে সবাই উপভোগ করে।

ছ. দেশকে কেন ভালোবাসতে হবে?

উত্তর : দেশ তার সম্পদ দিয়ে দেশবাসীকে বাঁচিয়ে রেখেছে বলে দেশকে ভালোবাসতে হবে।

দেশ হলো জননীর মতো। মা যেমন তার স্নেহ-মমতা ও ভালোবাসা দিয়ে আগলে রাখেন, দেশও তেমনই তার আলো-বাতাস ও সম্পদ দিয়ে আমাদের বাঁচিয়ে রেখেছে। তাই মাকে আমরা যেমন ভালোবাসি, দেশকেও তেমনই ভালোবাসতে হবে। দেশকে ভালোবাসার মধ্য দিয়েই সার্থক হয়ে উঠবে আমাদের জীবন।