এর মধ্যেই বঙ্গবন্ধু টি২০ কাপের প্লে-অফ নিশ্চিত করেছে গাজী গ্রুপ চট্টগ্রাম, জেমকন খুলনা ও বেক্সিমকো ঢাকা। আজ মিলবে প্লে-অফের সর্বশেষ দলের দেখা। শেষ চারের লড়াইয়ে আছে মিনিস্টার রাজশাহী ও ফরচুর বরিশাল। এ দুটি দল আজ ভিন্ন ভিন্ন ম্যাচ খেলবে প্লে-অফের অভিন্ন লক্ষ্য নিয়ে। মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে আজ দুপুর সাড়ে ১২টায় চট্টগ্রামের মুখোমুখি হবে রাজশাহী। আর বিকেল সাড়ে ৫টায় বরিশাল লড়বে ঢাকার বিপক্ষে। এই দু’ম্যাচে রাজশাহী অথবা বরিশালের কোনো একটি দল হেরে গেলেই পাঁচ দলের এই আসর শেষ করতে হবে তলানিতে থেকে।
সাত ম্যাচের ৬টায় জিতে পয়েন্ট তালিকার সবার উপরে চট্টগ্রাম। খুলনা ও ঢাকা সমান ৮ পয়েন্ট পেয়ে নিশ্চিত করেছে প্লে-অফ। আর রাজশাহী এবং বরিশালের সংগ্রহ সমান ৪ পয়েন্ট। তবে পয়েন্ট তালিকায় রাজশাহী এগিয়ে আছে রানরেটে এগিয়ে থাকায়। আর এই এগিয়ে থাকাটাই শেষ পর্যন্ত নির্ণয়ক হয়ে উঠতে পারে আজ। রাজশাহী এবং বরিশালÑদু’দলই যদি আজ জয় পায়, তবে নেট রান রেটে এগিয়ে থাকা দলই পাবে প্লে-অফের টিকিট। আবার দু’দল হেরে গেলেও রাজশাহীর সুযোগ বেশি থাকবে সেই রান রেটের কারণেই। তবে গাণিতিক এই হিসাব বিবেচ্য হবে না যদি রাজশাহী চট্টগ্রামের কাছে হেরে যায় এবং বরিশাল ঢাকাকে হারিয়ে দেয়।
যদিও রাজশাহী ও বরিশাল, দু’দলই প্রথম দেখায় চট্টগ্রাম ও ঢাকার কাছে হেরেছে। তার মানে গুরুত্বপূর্ণ এই ম্যাচগুলো দু’দলের জন্য আগের হারের প্রতিশোধ নেওয়ার সুযোগও। প্রথম ম্যাচে আজ রাজশাহী জিতে গেলে বরিশালকে পরের ম্যাচে কেবল ঢাকাকে হারালেই চলবে না, রান রেটের বিশাল ব্যবধান ঘুচিয়ে রাজশাহীকে পেছনে ফেলার বাড়তি চাপও নিতে হবে।
রাজশাহী আর বরিশাল যখন টিকে থাকার ভাবনায় ব্যস্ত, তখন ঢাকার চোখ থাকবে দ্বিতীয়স্থানে থেকে লিগ পর্ব শেষ করার দিকে। বরিশালকে হারালে খুলনাকে টপকে যাওয়ার পাশাপাশি তারা এড়াতে পারবে এলিমিনেটর। সেক্ষেত্রে ফাইনালে যেতে দুটি সুযোগ পাবে মুশফিকুর রহীমের দল। ফরম্যাট অনুযায়ী লিগ পর্বের শীর্ষ দুটি দল খেলবে প্রথম কোয়ালিফাইয়ার্স। এই ম্যাচের বিজয়ী সরাসরি চলে যাবে ১৮ ডিসেম্বরের ফাইনালে। আর হেরে যাওয়া দলটি ফাইনালে যাওয়ার আরেকটি সুযোগ পাবে। সেক্ষেত্রে তাদের হারাতে হবে গ্রুপের তৃতীয় ও চতুর্থ দলের মধ্যে হওয়া এলিমিনেটরের বিজয়ী দলকে। আর এখানে হার মানেই বিদায়। সেটা এড়াতে বরিশালকে আজ বড় চ্যালেঞ্জই ছুড়ে দেবে ঢাকা। ১২ পয়েন্ট নিয়ে ধরাছোঁয়ার বাইরে থাকা চট্টগ্রামের অবশ্য অত হিসাব-নিকাশ করতে হচ্ছে না। মোহাম্মদ মিথুনের দল আজ সুযোগ পাচ্ছে সাইড-বেঞ্চারদের দেখে নেওয়ার। যা রাজশাহীকে দিতে পারে বাড়তি সুবিধা।