একই শহরের দুটি দল একে অপরের মুখোমুখি হলে তাকে বলা হয় ডার্বি। একটি শহরে দুইয়ের অধিক ফুটবল ক্লাব থাকাটা স্বাভাবিক। কিন্তু মানে, ভারে ও সফলতায় দুটি ক্লাবের লড়াই হয়ে ওঠে অন্য সবার থেকে আলাদা। আজ রাতে ওল্ড ট্র্যাফোর্ডে হবে ম্যানচেস্টার ডার্বি। অর্থাৎ ম্যানচেস্টার ইউনাইটেডের মাঠে খেলবে ম্যানচেস্টার সিটি। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ১১টায়। এই দু’দলের ম্যানচেস্টার ডার্বির শুরুটা হয়েছিল ১৮৮১ সালে। আজ ১৮৩তম ম্যানচেস্টার ডার্বি।
ইংল্যান্ডের প্রথম বিভাগ ফুটবলের সবচেয়ে সফল দল (২০ শিরোপা) ম্যানচেস্টার ইউনাইটেড। কিন্তু বর্তমানে নামের সঙ্গে সুবিচার করতে পারছে না দলটি। সবশেষ ২০১২-১৩ মৌসুমে চ্যাম্পিয়ন হয়েছিল তারা। ম্যানইউর যখন পড়তি সময় ঠিক তখন নিজেদের অনন্য উচ্চতায় নিয়ে যেতে থাকে ম্যানচেস্টার সিটি। তাদের ৬ শিরোপার চারটি এসেছে ২০১১-১২ থেকে ২০১৮-১৯ মৌসুমের মধ্যে। এ সময় তারা রেকর্ড গড়েছে প্রিমিয়ার লিগে সর্বোচ্চ (১০০) পয়েন্ট অর্জনের। তবে এই মৌসুমে ১০ ম্যাচ শেষে দল দুটির অবস্থান প্রায় একই। ১৯ পয়েন্টে ছয়ে রেড ডেভিলরা। সিটিজেনরা ১৮ পয়েন্টে সাতে।