মেসিকে ধরে রাখার স্বপ্ন ভিক্তর ফন্তের

লিওনেল মেসির ভবিষ্যৎ নিয়ে ফুটবল বিশ্বের আগ্রহের শেষ নেই। বার্সেলোনায় মেসি সামনের মৌসুমে থাকবেন কি-না তা অনেক টাকার প্রশ্ন। এমন অবস্থায় একজন বললেন মেসিকে বার্সেলোনাতেই ধরে রাখতে পারবেন। তিনি ভিক্তর ফন্ত, বার্সেলোনা প্রেসিডেন্ট পদপ্রার্থী। শুধু মেসিকে ধরে রাখা নয়, ফন্ত জাভি হার্নান্দেজকেও বার্সেলোনায় আনার ইঙ্গিত দিলেন।

আগামী জুনে মেসির বার্সার সঙ্গে চুক্তি শেষ হবে। সামনের মাসেই চাইলে নতুন ক্লাবের সঙ্গে ফ্রি এজেন্ট হিসেবে চুক্তি করে ফেলতে পারবেন ছয়বারের বর্ষসেরা তারকা। তার আগেই ২৪ জানুয়ারি হবে বার্সেলোনার প্রেসিডেন্ট নির্বাচন। এই পদে ৯ প্রার্থীর একজন ফন্ত আত্মবিশ্বাসী বার্সার মেসির ২০ বছরের ক্যারিয়ারকে দীর্ঘায়িত করার ব্যাপারে। ফন্ত বলছেন, ‘আমি খুবই আশাবাদী যে দীর্ঘমেয়াদি, প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এবং রোমাঞ্চকর পরিকল্পনা নিয়ে মেসিকে বার্সাতেই ধরে রাখতে পারব। আমি মেসিকে নিয়ে শুধু তার ক্যারিয়ার শেষ পর্যন্ত নয় তার পরের অভিযানের কথাও ভাবছি। এজন্য আমি বিশ্বাস করি তাকে ক্যারিয়ার শেষেও বার্সায় থাকার ব্যাপারে রাজি করাতে পারব। আমি যদি এই নির্বাচন জিতি তবে আমার প্রথম লক্ষ্য হবে মেসিকে ধরে রাখা।’

ফন্ত জানালেন বার্সার সাবেক মিডফিল্ডার জাভি হার্নান্দেজ মেসিকে ক্লাবে রাখার একটা বড় কারণ হতে পারে। বর্তমানে কাতারের আল সাদ দলের কোচের সম্পর্কে ফন্ত বলেন, ‘আমরা যে প্রজেক্ট পরিকল্পনা করেছি তার অন্যতম অংশ হলো জাভি। কারণ মেসি এবং জাভি একে অপরকে খুব ভালো করে চেনে। তারা বন্ধু। আমি বিশ্বাস করি মেসিকে ক্লাবে ধরে রাখার জন্য জাভি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। জাভি এই ক্লাবে এলে তার নেতৃত্ব মেসি অবশ্যই গ্রহণ করবে।’

মেসি নাপোলিতে!

এদিকে সাবেক বার্সেলোনা ফুটবলার কেভিন প্রিন্স বোয়াটেং বলেন মেসির উচিত নাপোলিতে যোগ দেওয়া। ঘানাইয়ান এই ফুটবলারের ভাষ্য, এতে করে ডিয়েগো ম্যারাডোনাকে সঠিক সম্মান জানাতে পারবেন মেসি। ইএসপিএনকে বোয়াটেং বলেন, ‘বার্সার সঙ্গে মেসির এই মৌসুমেই চুক্তি শেষ। তার উচিত এরপর নাপোলিতে যোগ দেওয়া। কারণ নাপোলি তাদের ১০ নম্বর জার্সি আর কাউকে দেয়নি। সেটা মেসি নিতে পারে। আর ১০ নম্বর জার্সি পরে সে নাপোলিকে কিছু জেতাক। তাহলেই ম্যারাডোনার প্রতি মেসির সঠিক শ্রদ্ধা জানানো হবে।’