শহীদ মিনারে কমরেড আজিজের মরদেহে শ্রদ্ধা

শ্রদ্ধা নিবেদনের জন্য বাংলাদেশের ইউনাইটেড কমিউনিস্ট লীগের (ইউসিএলবি) সম্পাদকম-লীর সদস্য কমরেড আজিজুর রহমানের মরদেহ গতকাল শুক্রবার কেন্দ্রীয় শহীদ মিনারে নেওয়া হয়। সেখানে বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত বিভিন্ন রাজনৈতিক-সাংস্কৃতিক সংগঠনসহ নানা শ্রেণি-পেশার মানুষ ফুল দিয়ে কমরেড আজিজকে শেষ শ্রদ্ধা জানান। এ সময় ইউসিএলবির ঢাকা মহানগরের সম্পাদক নজরুল ইসলামের নেতৃত্বে একটি দল রেড স্যালুট প্রদান করে। শ্রদ্ধা নিবেদন শেষে সাতক্ষীরার উদ্দেশে যাত্রা শুরু করে কমরেড আজিজের মরদেহ বহনকারী গাড়ি।

গত বৃহস্পতিবার দুপুর ১টায় রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন কমরেড আজিজুর রহমান।

শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানে বক্তব্য রাখেন ইউসিএলবির সম্পাদক মোশারফ হোসেন নান্নু এবং কমরেড আজিজের ছেলে অনিন্দ্য আরিফ। এ সময় তারা কমরেড আজিজের বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের বিভিন্ন দিক তুলে ধরেন। অনুষ্ঠানে ফুল দিয়ে শ্রদ্ধা জানায় বাংলাদেশের ইউনাইটেড কমিউনিস্ট লীগ, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ), বাসদ (মার্কসবাদী) পাঠচক্র ফোরাম, গণসংহতি আন্দোলন, বিপ্লবী ছাত্র মৈত্রী, ছাত্র ফেডারেশন, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, বিবর্তন সাংস্কৃতিক কেন্দ্র, গণতান্ত্রিক বিপ্লবী পার্টি, জাতীয় মুক্তি কাউন্সিল, জাতীয় গণফ্রন্ট, ওয়ার্কার্স পার্টি ও গণমুক্তি ইউনিয়নসহ বিভিন্ন রাজনৈতিক-সাংস্কৃতিক সংগঠন।

ইউসিএলবির সম্পাদক মোশারফ হোসেন নান্নু জানান, শ্রদ্ধা নিবেদনের জন্য আজ শনিবার সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত খুলনার শহীদ হাদিস পার্কে কমরেড আজিজের মরদেহ রাখা হবে। পরে বিকেলে সাতক্ষীরার তালায় তাকে সমাহিত করা হবে।