অনলাইন জুয়াড়ি প্ল্যাটফর্মের দুই অ্যাডমিন গ্রেপ্তার

অনলাইন জুয়াড়ি প্ল্যাটফর্মের অ্যাডমিন প্যানেলের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশের অ্যান্টি টেররিজম ইউনিট (এটিইউ)। গ্রেপ্তার ব্যক্তিরা হচ্ছে মো. সাব্বির আহমেদ কাওসার (১৯) ও মো. মনোয়ার হোসেন (১৯)।

গতকাল শুক্রবার এটিইউর পাঠানো এক বিজ্ঞপ্তিতে মিডিয়া অ্যান্ড অ্যাওয়ারনেস শাখার সহকারী কমিশনার ওয়াহিদা পারভীন জানান, ৯ ডিসেম্বর রাত সাড়ে ১১টার দিকে অভিযান পরিচালনা করে ঢাকার সাভার থানাধীন উত্তর জামসিং এলাকার একটি বাড়ি থেকে অনলাইন জুয়ারি প্ল্যাটফর্মের দুজন অ্যাডমিনকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারের সময় এটিইউ অনলাইন জুয়ার প্ল্যাটফর্ম পরিচালনার কাজে ব্যবহৃত ৭টি স্মার্ট ফোন, ১৪টি সিম কার্ড ও তাদের স্মার্ট ফোনে অনলাইন জুয়া সাইট খোলা অবস্থায় জব্দ করেছে।

এটিইউ জানায়, সাব্বির ও মনোয়ার ফেইসবুক গ্রুপের মাধ্যমে সাধারণ মানুষকে আকৃষ্ট করে অনলাইন জুয়ায় অংশগ্রহণ করাত। এখানে আকৃষ্ট হয়ে অনেক সাধারণ লোক অনলাইন জুয়ায় অংশগ্রহণ করে সর্বস্বান্ত হয়েছে।

উদ্দেশ্যমূলকভাবে পরিচয় গোপন করে পরস্পর যোগসাজশে অর্থপ্রাপ্তির প্রতারণা বা ঠকানোর উদ্দেশ্যে ডিজিটাল মাধ্যম ব্যবহার করে অপর ব্যক্তির পরিচয় ও তথ্য সংগ্রহপূর্বক অবৈধ ই-ট্র্যানজেকশন করার অপরাধে তাদের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে।