সরকার বিরোধী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগে এক সাংবাদিককে ফাঁসিতে ঝুলালো ইরান। রুহুল্লাহ জাম নামে ওই সাংবাদিক ২০১৭ সালে দেশটিতে অর্থনৈতিক সঙ্কটের বিরুদ্ধে বিক্ষোভে অংশ নিয়েছিলেন।
আধা-সরকারি সংবাদমাধ্যম নুর নিউজের বরাত দিয়ে কাতারভিত্তিক আলজাজিরা জানায়, শনিবার ভোরে জামের ফাঁসি কার্যকর করা হয়।
করোনাকালে জুন মাসে ইরানের একটি আদালত জামকে মৃত্যুদণ্ড দেয়। তার বিরুদ্ধে গুপ্তচরবৃত্তি ও ইরান সরকারের উৎখাতের অভিযোগ আনা হয়।
বিশ্বজুড়ে সাংবাদিকদের অধিকার নিয়ে কাজ করা রিপোর্টার্স উইদাউট বর্ডারস (আরএসএফ) সেসময় এ বিচারকে চূড়ান্তভাবে অন্যায় বলে মন্তব্য করে।
জনপ্রিয় মেসেজিং অ্যাপ টেলিগ্রাম ও নিজস্ব ওয়েবসাইটের মাধ্যমে ২০১৭ সালে বিক্ষোভে উৎসাহ দিয়েছিলেন জাম। তার দেয়া তথ্য ইরান সরকারকে রীতিমতো চ্যালেঞ্জের মুখে ফেলে দিয়েছিল।
টানা অনেক বছর নির্বাসিত থাকার পর ২০১৯ সালে গ্রেপ্তার হন জাম। ইরানের একটি বিপ্লবী আদালত তাকে মৃত্যুদণ্ড দেয়।
সুপ্রিম কোর্ট সেই রায় বহাল রাখার চারদিন পর তার মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।