পটুয়াখালীর বাউফলে লাউ গাছে মাটি দেওয়াকে কেন্দ্র করে প্রতিপক্ষের দায়ের কোপে রানী বেগম (৫০) নামের এক বৃদ্ধার মৃত্যু হয়েছে।
শনিবার সকালে উপজেলার কেশবপুর গ্রামে এ ঘটনা ঘটেছে।
এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুষ্প বেগম নামে এক নারীকে আটক করেছে পুলিশ। নিহত রানী বেগম কেশবপুর গ্রামের আবুল কাশেম রাঢ়ীর স্ত্রী।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার বিকেলে রাস্তা কেটে লাউ গাছে মাটি দেয়াকে কেন্দ্র করে আবুল কাশেম রাঢ়ী ও প্রতিপক্ষ হালিম রাঢ়ীর মধ্যে বাগ্বিতণ্ডা হয়।
স্থানীয়রা উভয় পক্ষকে থামিয়ে বাড়িতে পাঠিয়ে দেয়। পরে আজ সকালে কাশেম রাঢ়ীর স্ত্রী রানী বেগম ও তার মেয়ে সাথী আক্তার হাত মুখ ধোয়ার জন্য পুকুরে গেলে হালিম রাঢ়ীর স্ত্রী পুষ্প বেগমের সঙ্গে পুনরায় বাগ্বিতণ্ডা হয়।
এ সময় হালিম রাঢ়ী পেছন থেকে দা দিয়ে রানী বেগমের মাথায় আঘাত করলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন।
স্থানীয়রা তাৎক্ষণিক রানী বেগমকে উদ্ধার করে বাউফল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান বলেন, এ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে হালিম রাঢ়ীর স্ত্রী পুষ্প বেগমকে আটক করা হয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মর্গে পাঠানো হয়েছে।