রাজধানী ঢাকার জলাবদ্ধতা নিরসনের লক্ষ্যে আগামী জানুয়ারির মধ্যে খালের দায়িত্ব ঢাকা ওয়াসা থেকে দুই সিটি করপোরেশনের কাছে হস্তান্তর করা হবে।
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মো. তাজুল ইসলাম শনিবার এক অনুষ্ঠানে সাংবাদিকদের সাথে আলাপকালে এ কথা জানান। অনুষ্ঠানে ঢাকা ওয়াসা এবং ওয়াটার এইড যৌথ উদ্যোগে 'হাত ধোয়ার গাড়ি'র উদ্বোধন করেন স্থানীয় সরকারমন্ত্রী।
মন্ত্রী বলেন, ওয়াসা থেকে দুই সিটি রপোরেশনের কাছে হস্তান্তরের লক্ষ্যে গঠিত কমিটি কাজ করছে। কমিটির রিপোর্ট পাওয়ার পরেই প্রক্রিয়া শুরু হবে। ডিসেম্বরের মধ্যে সম্ভব না হলে জানুয়ারির মধ্যেই হস্তান্তরের কাজ সম্পন্ন হবে।
তাজুল ইসলাম বলেন, ঢাকার চারপাশের নদী-নালা, খাল যারাই দখল করুক না কেন খুব দ্রুতই দখলমুক্ত করা হবে। কেউ আইনের ঊর্ধ্বে নয়, দেশে সংবিধান আছে। আইন প্রয়োগের মাধ্যমে যথাযথ ব্যবস্থা নেয়া হবে।
এর আগে উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী বলেন, সারা দেশে লকডাউন চলা অবস্থাতেও ঢাকা ওয়াসা রাজধানীতে নিরবচ্ছিন্ন পানি সরবরাহ করেছে। পুরো দেশে পানির কোনো সংকট দেখা দেয়নি।
করোনাভাইরাস থেকে বাঁচতে মুখে মাস্ক এবং ঘনঘন হাত ধোয়ার কোনো বিকল্প নেই উল্লেখ করে স্থানীয় সরকারমন্ত্রী বলেন, আজ যে সকল হাত ধোয়ার গাড়ি উদ্বোধন করা হলো এর সুফল নগরবাসী পাবেন। করোনার সংক্রমণ রোধে এটি সাধারণ মানুষের মাঝে সচেতনতা বাড়াবে এবং বিনামূল্যে হাত ধোয়ার প্রয়োজনীয় সুবিধাদিও সরবরাহ করবে।
করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউ মোকাবিলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সরকার অত্যন্ত সতর্ক ও প্রস্তত আছে বলে মন্ত্রী জানান।
এ প্রসঙ্গে তাজুল ইসলাম বলেন, করোনা টেস্টের জন্য দেশে মাত্র একটি পিসিআর ল্যাব ছিল যা এখন ১০০ ছাড়িয়ে। রাজধানী ছাড়া দেশের অন্যান্য হাসপাতালে খুব কম সংখ্যক আইসিইউ ছিল এখন প্রতি জেলায় অসংখ্য আইসিইউ হয়েছে। করোনা মোকাবিলায় বাংলাদেশ সরকারের গৃহীত বিভিন্ন পদক্ষেপ আন্তর্জাতিক মহলে প্রশংসিত হয়েছে বলেও উল্লেখ করেন মো. তাজুল ইসলাম।
পদ্মা সেতুর প্রসঙ্গে মন্ত্রী বলেন, শেখ হাসিনার দৃঢ়তার ফলেই স্বপ্ন বাস্তবে রূপ নিয়েছে। এটি চালু হলে দেশের জিডিপি এক শতাংশ বৃদ্ধি পাবে এবং অর্থনীতিতে অভূতপূর্ব পরিবর্তন আসবে।
অনুষ্ঠানে ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক তাকসিম এ খান, স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব মোহাম্মদ ইবরাহিম এবং ওয়াটার এইডের কান্ট্রি ডিরেক্টর হাসিন জাহানসহ ঢাকা ওয়াসার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন।
সূত্র: ইউএনবি।