করোনা ও শীতে আব্রুয়ান ফাউন্ডেশনের মানবিক সহায়তা

করোনাভাইরাসের (কোভিড-১৯) মানবিক সংকট এবং শীতে নিম্ন আয়ের মানুষের কষ্ট লাঘবে দেশের বিভিন্ন অঞ্চলের দরিদ্র, অসহায় ও কর্মহীন মানুষের মাঝে মানবিক সহায়তা নিয়ে এগিয়ে এসেছে বেসরকারি সাহায্য সংস্থা আব্রুয়ান ফাউন্ডেশন।

শনিবার রাজধানীর শেওড়াপাড়া সংস্থাটির আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংস্থাটি এসব তথ্য জানান।

সংবাদ সম্মেলনে সংস্থাটির ব্যবস্থাপনা পরিচালক হারুনর রশিদ বলেন, গত কয়েক বছর যাবৎ সংস্থাটি প্রাকৃতিক দুর্যোগে ভূমিহীনদের সহায়তা, শীতকালীন বস্ত্র বিতরণ, কর্মহীনদের পেশাগত প্রশিক্ষণ ব্যবস্থা করা, অসহায়দের সুদবিহীন ঋণ প্রদানসহ নানা সহায়তা করে আসছে। সকলের সার্বিক সহযোগিতায় এ সকল কার্যক্রম সামনের দিনগুলোতে চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তিনি।    

তিনি আরও বলেন, কোভিড-১৯ এবং শীতের প্রকোপে আমরা দেশের প্রত্যন্ত অঞ্চলে যেমন ঠাকুরগাঁও, কুড়িগ্রাম, নেত্রকোনা, ময়মনসিংহসহ দেশের উত্তর এবং দক্ষিণ অঞ্চলের আরও কয়েটি জেলায় ১ ডিসেম্বর থেকে শীতবস্ত্র বিতরণ শুরু করি। চলবে জানুয়ারির শেষ পর্যন্ত।

সংস্থাটির কর্মকর্তা কামরুন্নেসা ফারুক মিনুর সঞ্চালনায় উদ্বোধন অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, ইব্রাহিম কার্ডিয়াক হসপিটালের শিশু সার্জন বিশেষজ্ঞ ডা. রোকনুজ্জামান সেলিম, মো. আব্দুল জলিল, মো.আবদুর রহমান বাবুল এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মালয়েশিয়ার সমাজ সেবিকা এবং শিক্ষাবিদ ফরিদা বিনতেস প্রমুখ।