করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়া। তিনি কাতারে একটি হোটেলে আইসোলেশনে রয়েছেন।
বিশ্বকাপ ও এশিয়ান কাপের যৌথ বাছাইয়ে অংশ নিতে গত মাসের শেষ দিকে কাতার যায় বাংলাদেশ ফুটবল দল। ৪ ডিসেম্বর কাতারের বিপক্ষে ম্যাচটির পর ব্যক্তিগত কারণে দলের সঙ্গে ঢাকায় ফেরেননি জামাল।
কথা ছিল ১০ ডিসেম্বর ফিরবেন। কিন্তু তার আগে নির্ধারিত করোনা পরীক্ষায় ‘পজিটিভ’ হয়েছেন এই মিডফিল্ডার। বর্তমানে কাতার ফুটবল অ্যাসোসিয়েশনের অধীনে দোহার হোটেলে কোয়ারেন্টাইনে আছেন তিনি।
এদিকে গত অক্টোবরে জামালের সঙ্গে চুক্তি করেছে ভারতের ক্লাব কলকাতা মোহামেডান। কিন্তু জামাল করোনা আক্রান্ত হওয়ায় কবে দলের সঙ্গে যোগ দিতে পারবেন সে নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। এ অবস্থায় দলটি জামালের বিকল্পও খোঁজা শুরু করেছে বলে খবর।
৯ জানুয়ারি শুরু হবে আই লিগ। জামালকে ছাড়া এরই মধ্যে আইএফএ শিল্ডও খেলছে দলটি, যার ফাইনালেও উঠেছে।
কাতারে কোয়ারেন্টাইন পর্ব শেষ করে ঢাকায় ফিরে আবার ভারতে গিয়ে কোয়ারেন্টাইন করতে হবে জামালকে। তত দিনে আই লিগ শুরুর দিন ঘনিয়ে আসবে। সব মিলেই জামালের বিকল্প ভাবছে কলকাতা মোহামেডান।
ক্লাবটির সাধারণ সম্পাদক ওয়াসিম আকরাম স্থানীয় এক সংবাদমাধ্যমকে বলেছেন, ‘খুবই দুঃখজনক ব্যাপার হবে, যদি জামাল এবার আমাদের হয়ে খেলতে না পারে। এমন পরিস্থিতিতে আমাদের কিছুই করার নেই। প্রকৃতির বিপক্ষে গিয়ে কিছু করতে পারব না। এ বছর না হলে আগামী মৌসুমে আই লিগ অথবা ইএসএলে জামালকে আবার প্রস্তাব দেব। ওর সঙ্গে যে সম্পর্ক হয়েছে, আশা করি সে আমাদের প্রস্তাব প্রত্যাখ্যান করবে না।’