নিকোলস-জেমিসনে ফলোঅনের মুখে উইন্ডিজ

টেস্ট ক্যারিয়ারের সর্বোচ্চ ইনিংস খেলে নিউজিল্যান্ডকে বড় রানের লক্ষ্যে পৌঁছে দেন হেনরি নিকোলস। বল হাতে কাইল জেমিসন পাঁচ উইকেট দখল করে ওয়েস্ট ইন্ডিজকে কোণঠাসা করেন। মূলত নিকোলস-জেমিসন যুগলবন্দিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টে দ্বিতীয় দিন শেষেই চালকের আসনে নিউজিল্যান্ড।

ওয়েলিংটনে প্রথমে ব্যাট করতে নেমে নিউজিল্যান্ড প্রথম দিনের খেলা শেষ করে ৬ উইকেটে ২৯৪ রান তুলে। শনিবার দ্বিতীয় দিনে নিউজিল্যান্ড তাদের প্রথম ইনিংস শেষ করে ৪৬০ রানে। হেনরি নিকোলস গত দিনের ১১৭ রানের পর থেকে ব্যাট করা শুরু করে দ্বিতীয় দিনে আউট হন ক্যারিয়ারের সর্বোচ্চ ১৭৪ রান করে। ২৮০ বলের ইনিংসে তিনি ২১টি চার ও ১টি ছক্কা মারেন।

এ ছাড়া ওয়াগনার ৪২ বলে ৬৬ রান করে অপরাজিত থাকেন। তিনি ৮টি চার ও ৪টি ছক্কা হাঁকান। গ্যাব্রিয়েল ও জোসেফ ৩টি করে উইকেট দখল করেন।

বিপরীতে ব্যাট করতে নেমে ওয়েস্ট ইন্ডিজ দ্বিতীয় দিনের খেলা শেষ করে ৮ উইকেটে ১২৪ রান তুলে। নিউজিল্যান্ডের প্রথম ইনিংসের চেয়ে এখনো ৩৩৬ রানে পিছিয়ে রয়েছে ক্যারিবিয়ানরা।

অর্থাৎ দ্বিতীয় টেস্টেও ওয়েস্ট ইন্ডিজের ফলোঅন করা কেবল সময়ের অপেক্ষা বলা চলে। ফলোঅন এড়াতে ক্যারিবিয়ানদের এখনো প্রয়োজন ১৩৬ রান। হাতে রয়েছে মাত্র ২টি উইকেট।

অতিথিদের পক্ষে জার্মাইন ব্ল্যাকউড একা লড়াই চালান। তিনি ৬৯ রান করে আউট হন। বাকিরা পুরোপুরি ব্যর্থ। কাইল জেমিসন ৩৪ রানের বিনিময়ে ৫ উইকেট দখল করেন। ৩টি উইকেট নেন টিম সাউদি।

প্রথম টেস্টে ইনিংস ও ১৩৪ রানে হেরেছিল ওয়েস্ট ইন্ডিজ।

সংক্ষিপ্ত স্কোর

দ্বিতীয় দিন শেষে

নিউজিল্যান্ড প্রথম ইনিংস: ৪৬০/১০ (১১৪ ওভার) (নিকোলস ১৭৪, ওয়াগনার ৬৬*, গ্যাব্রিয়েল ৩/৯৩)

ওয়েস্ট ইন্ডিজ প্রথম ইনিংস: ১২৪/৮ (৫২ ওভার) (ব্ল্যাকউড ৬৯, ব্রুকস ১৪, জেমিসন ৫/৩৪)।