নীলফামারীর সৈয়দপুর উপজেলা আওয়ামী লীগ সভাপতি এবং বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন রংপুর বিভাগীয় কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আখতার হোসেন বাদল (৬৫) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)।
শনিবার বেলা ১টার দিকে রংপুর সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
আখতার হোসেনের মৃত্যুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। এক শোক বিবৃতিতে তিনি মরহুমের আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবার-পরিজন, সহকর্মী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
আখতার হোসেন নীলফামারী সদর উপজেলার বড়ুয়া গ্রামের মৃত আহাদ আলীর ছেলে। তিনি সৈয়দপুর পৌর শহরের নতুন বাবুপাড়া মহল্লায় বসবাস করতেন। সৈয়দপুর পৌরসভার সাবেক এই মেয়র স্ত্রী, দুই ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
সৈয়দপুর উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মহসিনুল হক মহসিন জানান, উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিস রোগ আক্রান্ত আখতার হোসেন করোনা উপসর্গ নিয়ে গত ৯ ডিসেম্বর রংপুরে সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি হন। সেখানে শনিবার তিনি মারা যান।
রবিবার বেলা ১১টায় সৈয়দপুর রেলওয়ে মাঠে প্রথম ও সৈয়দপুর কেন্দ্রীয় বাস টার্মিনালে মরহুমের দ্বিতীয় জানাজা হবে। পরে সদর উপজেলার বড়ুয়া গ্রামে পারিবারিক কবরস্থানে বাবা আহাদ আলীর পাশে রাষ্ট্রীয় মর্যাদায় তাকে দাফন করা হবে।
আখতার হোসেনের মৃত্যুতে সাবেক নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান এমপি ও নীলফামারী-২ আসনের সংসদ সদস্য আসাদুজ্জামান নূর প্রমুখ শোক প্রকাশ করেছেন।