বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙচুরের প্রতিবাদে সিরাজগঞ্জে মানববন্ধন করেছেন মুক্তিযোদ্ধারা।
শনিবার সকালে শহরের এসএস রোডের আধঘণ্টাব্যাপী ওই কর্মসূচিতে বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের নেতারা অংশ নেন। এ ছাড়া ভাস্কর্য ভাঙচুরকারীদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে একই দিন সকালে শাহজাদপুর উপজেলার মনিরামপুর বাজার সড়কে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করে স্থানীয় মুক্তিযোদ্ধা সংসদ।
সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি আবু ইউসুফ সূর্য্যের সভাপতিত্বে কর্মসূচিতে বক্তব্য দেন সিরাজগঞ্জ পৌর মেয়র সৈয়দ আবদুর রউফ মুক্তা, সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইসহাক আলী, সিরাজগঞ্জ জেলা যুবলীগের সভাপতি রাসেদ ইউসুফ জুয়েল প্রমুখ বক্তব্য দেন।
অপরদিকে শাহজাদপুরের বিক্ষোভ মিছিলটি উপজেলা চত্বর থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে ফের উপজেলা চত্বরে গিয়ে শেষ হয়।
এ সময় সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন শাহজাদপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান প্রফেসর আজাদ রহমান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মাসুদ হোসেন, শাহজাদপুর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক ডেপুটি কমান্ডার বিনয় কুমার পাল প্রমুখ।