নিউ ইয়র্কে প্রতিবাদ সমাবেশে গাড়িচাপা

যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের ম্যানহাটন এলাকায় একটি প্রতিবাদ সমাবেশে চলন্ত গাড়ির ধাক্কায় বেশ কয়েকজন আহত হয়েছেন। গত শুক্রবার বিকেলে ওই ঘটনা ঘটেছে বলে জানিয়েছে দ্য গার্ডিয়ান।

প্রতিবেদন মতে, বিএমডব্লিউ সিডান গাড়িটির চালকের আসনে একজন নারী ছিলেন। আইন প্রয়োগকারী সংস্থা জিজ্ঞাসাবাদের জন্য তাকে আটক করেছে বলে নিউ ইয়র্ক সিটি পুলিশ বিভাগ জানিয়েছে।

পুলিশ জানিয়েছে, বিকেল ৪টার ঠিক পরই মিডটাউন ম্যানহাটন সংলগ্ন মারি হিল আবাসিক এলাকার থার্টি নাইনথ স্ট্রিট ও থার্ড অ্যাভিনিউর মোড়ে ঘটনাটি ঘটে। আহতদের কারও আঘাতই খুব গুরুতর নয় এবং জড়িত চালক ঘটনাস্থলেই ছিলেন বলে জানিয়েছেন তারা। তবে তাৎক্ষণিকভাবে কর্র্তৃপক্ষের কাছ থেকে আর বিস্তারিত কিছু জানা যায়নি।