রাজধানীর শাহবাগে বিভিন্ন সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক ও নাগরিক সংগঠনের কর্মসূচিতে ব্যবহৃত মাইকের বিদ্যুৎ–সংযোগ জাতীয় জাদুঘর আর দেবে না।
জাতীয় জাদুঘরের মহাপরিচালক খোন্দকার মোস্তাফিজুর রহমান শনিবার এ সিদ্ধান্তের কথা জানান। এদিন বিকেলে জাদুঘরের সামনে গৌরব ‘৭১ নামের একটি সংগঠন ‘মৌলবাদের বিরুদ্ধে প্রতিবাদ-প্রতিরোধে জাগরণ’ শীর্ষক এক সমাবেশের আয়োজন করতে গেলে আয়োজকদের বিদ্যুৎ–সংযোগ দিতে অস্বীকৃতি জাদুঘর কর্তৃপক্ষ।
জাতীয় জাদুঘরের মহাপরিচালক খোন্দকার মোস্তাফিজুর রহমান বলেন, কর্মসূচিগুলোতে বিদ্যুৎ–সংযোগ দেওয়া হলে জাতীয় জাদুঘরের বিদ্যুৎ সরবরাহ-প্রক্রিয়ার ওপর চাপ পড়ে। এতে নিরাপত্তা-ঝুঁকি তৈরি হয়। আর এভাবে বিদ্যুৎ-সংযোগ দেওয়াটা অবৈধ।
জাদুঘরের কোনো কর্মকর্তা-কর্মচারী এমন কাজের সঙ্গে জড়িত থাকলে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানান মহাপরিচালক।