নারীসহ ৪ মাদক কারবারি আটক

রাজধানীর পৃথক স্থানে অভিযান চালিয়ে দুই নারীসহ চার মাদক কারবারিকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। গতকাল শনিবার দুপুরে মোহাম্মদপুর ও কারওয়ান বাজার থেকে তাদের আটক করা হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. মেহেদী হাসান জানান, গতকাল সকাল ৭টার দিকে মোহাম্মদপুর এলাকায় অভিযান শুরু করে অধিদপ্তর। তাদের কাছে মো. মনির হোসেন নামে একজন ইয়াবা বিক্রেতার তথ্য ছিল। সকালে তাকে ২০০ পিস ইয়াবাসহ আটক করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে মানিক মিয়া নামে আরও এক মাদক কারবারিকে আটক করা হয়। বেশ কিছু তথ্য দিয়েছেন তিনি। সেগুলো যাচাই-বাছাই করা হচ্ছে। অপরদিকে কারওয়ান বাজারের রেলওয়ে বস্তিতে অভিযান চালিয়ে গাঁজাসহ ফিরোজা বেগম (৪০) ও বিলকিস (২১) নামে দুই নারী মাদক কারবারিকে আটক করা হয়েছে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানায়, ঢাকার বেশ কিছু জায়গা মাদকের চিহ্নিত আখড়া হিসেবে পরিচিত। ধীরে ধীরে সবগুলো আখড়াই তুলে দিতে চায় অধিদপ্তর। এরই অংশ হিসেবে অভিযান চালানো হয়েছে। ভবিষ্যতেও অভিযান চলবে।