করোনাভাইরাস রোগীদের চিকিৎসায় দশটি জরুরি পরীক্ষার মূল্য স্বাস্থ্য অধিদপ্তর নতুন করে নির্ধারণ করেছে। এসবের মধ্যে রয়েছে অক্সিজেন সিলিন্ডার, সিলিন্ডার রিফিলিং, হাসপাতালে অক্সিজেনের ব্যবহার ইত্যাদি।
রবিবার বিচারপতি জেবিএম হাসান ও বিচারপতি মো. খায়রুল আলমের হাইকোর্ট বেঞ্চে এ তথ্য জানিয়ে অধিদপ্তর বলেছে, তবে ওই মূল্য তালিকা এখনও স্বাস্থ্য মন্ত্রণালয়ের অনুমোদনের অপেক্ষায় রয়েছে।
আদালত সরকারি-বেসরকারি যেসব হাসাপতাল করোনাভাইরাসের চিকিৎসা দিচ্ছে, সেসব হাসপাতালের সামনে উন্মুক্ত স্থানে নতুন এ মূল্য তালিকা প্রদর্শনের নির্দেশ দিয়েছেন। সাত দিনের মধ্যে স্বাস্থ্য সচিব ও স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালককে মূল্য তালিকা প্রদর্শনের ব্যাপারে ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছে হাই কোর্ট।
অধিদপ্তরের পরিচালক (হাসপাতাল ও ক্লিনিক সমূহ) মো. ফরিদ হোসেন মিঞা বলছেন, মন্ত্রণালয়ের অনুমোদন ছাড়া এ তালিকা এখনই প্রদর্শন করা যাবে না।
জনস্বার্থে করা একটি রিট মামলায় স্বাস্থ্য অধিদপ্তরের অগ্রগতি প্রতিবেদন দেখে এ আদেশ দেয় হাইকোর্ট বেঞ্চ। আদালতে প্রতিবেদনটি উপস্থাপন করেন সহকারী অ্যাটর্নি জেনারেল কালীপদ মৃধা। আর এ প্রতিবেদনের উপর শুনানি করেন রিট আবেদনকারী আইনজীবী বশির আহমেদ।