অতিথি পাখির মাংস দিয়ে পাঁচ কাউন্সিলরের ভুড়িভোজের ঘটনার পর সিলেটের জৈন্তাপুর উপজেলার হরিপুর বাজারে বিভিন্ন রেস্টুরেন্টে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন।
রবিবার বিকেলে অবৈধভাবে বন্য ও অতিথি পাখির রান্না করা মাংস বিক্রি বন্ধে এ অভিযান পরিচালনা করেন জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাহিদা পারভীন।
এসময় বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন-২০১২ অবমাননা করে অবৈধভাবে বন্য পাখির মাংস বিক্রির অপরাধে হরিপুরের তারু মিয়া হোটেল ও তার পার্শ্ববর্তী আরেকটি রেস্টুরেন্টকে মোট ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালতের এ অভিযান পরিচালনাকালে রেস্টুরেন্ট মালিকদের সতর্ক করে পরবর্তীতে পাখির মাংস বিক্রি হলে আইনগত কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানায় প্রশাসন।
এর আগে শনিবার দেশ রূপান্তরে হরিপুরের একটি রেস্টুরেন্টে সিলেটের পাঁচ কাউন্সিলরের ভুড়িভোজের প্রতিবেদন প্রকাশিত হলে তা নিয়ে ব্যাপক আলোচনা সৃষ্টি হয়।
পড়ুন: অতিথি পাখির মাংসে সিলেটের পাঁচ কাউন্সিলরের ভুড়িভোজ