সিরিজ বোমা হামলার মামলায় জেএমবি নেতার আমৃত্যু কারাদণ্ড

২০০৫ সালের ১৭ আগস্ট জামাআতুল মুজাহিদিন বাংলাদেশের (জেএমবি) জঙ্গিরা সারাদেশে সিরিজ বোমা হামলা চালায়। সেদিন সিলেটের ১৩টি গুরুত্বপূর্ণ স্থানেও বোমা হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় দায়ের মামলায় জেএমবি নেতা মাওলানা আব্দুল আজিজ ওরফে হানিফকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছে সিলেটের আদালত।

রবিবার দুপুরে সিলেটের অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক মোমিনুন্নেসা এ রায় ঘোষণা করেন। সিলেটের দক্ষিণ সুরমার কদমতলী বাস টার্মিনাল এলাকায় হামলার ঘটনায় দায়ের বিশেষ ক্ষমতা আইনের মামলার চার্জ গঠন হয় ২০১৪ সালের ২৭ মে। সাক্ষ্য প্রমাণ শেষে আদালত রায় ঘোষণা করেন। 

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ২০০৫ সালের ১৭ আগস্ট সিলেটের আদালত এলাকা, জেলা প্রশাসকের কার্যালয়সহ গুরুত্বপূর্ণ এলাকায় হামলার ঘটনা ঘটে। এ সব স্থানে আতঙ্ক ছড়িয়ে পড়লেও ওইদিনের বোমা হামলায় সিলেটে কেউ মারা যাননি। তবে এ বোমা হামলায় সিলেটের দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক বিপ্লব গোস্বামী ও তার গাড়িচালক, বিচারপ্রার্থীরা, নার্সারি মালিক, পথচারীসহ ১৫ জন আহত হন। কদমতলি বাস টার্মিনালে হামলার ঘটনায় দক্ষিণ সুরমা থানায় আব্দুল আজিজ ওরফে হানিফসহ অজ্ঞাত জঙ্গিদের আসামি করে মামলা হয়। পরবর্তীতে প্রতিটি বোমা হামলার ঘটনায় বিশেষ ক্ষমতায় বিস্ফোরক আইনে পৃথক মামলা করে পুলিশ। সিলেট বিভাগের চার জেলায় দায়ের করা হয় ২৯ মামলা। এর মধ্যে বেশিরভাগ মামলারই বিচার কাজ শেষ হয়নি। অধিকাংশ মামলাই বর্তমানে সাক্ষ্যগ্রহণ পর্যায়ে রয়েছে। কিছু মামলা আদালতে এখনও বিচারাধীন। তা ছাড়া সুনামগঞ্জের একটি মামলায় দুই জঙ্গিকে ১০ বছর করে কারাদণ্ড দেওয়া হয়।