স্বাস্থ্য সহকারীদের কর্মবিরতি স্থগিত

বেতন বৈষম্য নিরসনের দাবিতে স্বাস্থ্য সহকারীদের চলমান কর্মবিরতি সাময়িক স্থগিত করা হয়েছে। জাতীয়ভাবে গুরুত্বপূর্ণ হাম-রুবেলা টিকাদান কর্মসূচি এবং করোনা ভ্যাকসিন সংরক্ষণ ও বিতরণের কথা ভেবে এ সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশন। গতকাল রবিবার রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান সংগঠনটির দাবি বাস্তবায়ন সমন্বয় পরিষদের আহ্বায়ক শেখ রবিউল আলম খোকন।

আজ সোমবার থেকে দেশের স্বাস্থ্য সহকারীদের নিজ নিজ কর্মস্থলে যোগদান করার অনুরোধ জানিয়ে খোকন বলেন, ‘দেশের স্বার্থ বিবেচনা করে কর্মবিরতি সাময়িক স্থগিত ঘোষণা করছি। হাম-রুবেলা ক্যাম্পেইন চলাকালে নিয়োগবিধি সংশোধনসহ স্বাস্থ্য পরিদর্শক, সহকারী স্বাস্থ্য পরিদর্শক ও স্বাস্থ্য সহকারীদের যথাক্রমে ১১, ১২ ও ১৩তম গ্রেড প্রদানের কাজে দৃশ্যমান অগ্রগতি না হলে কর্মবিরতি পুনরায় চালু করব।’