নিখোঁজের ১৮ দিন পর ঢাকার কেরানীগঞ্জ থেকে রাব্বি (২১) নামে এক তরুণের হাত-পা বাঁধা বস্তাবন্দি লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল রবিবার বিকেলে হযরতপুর ইউনিয়নের আলগীরচর এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। রাব্বি সাভার হেমায়েতপুরের জয়নাবাড়ী এলাকার নূর হোসেনের ছেলে। এর আগে গত ২৬ নভেম্বর বিকেলে রাব্বিকে বাসা থেকে ডেকে নেয় পাশের বাড়ির ভাড়াটিয়া রাসেল (৩০)। এরপর অনেক খোঁজাখুঁজি করেও রাব্বির সন্ধান না পাওয়ায় পরদিন সাভার মডেল থানায় রাসেলের বিরুদ্ধে একটি সাধারণ ডায়েরি করেন তার বাবা নূর হোসেন।
পুলিশ জানায়, গত ৩০ নভেম্বর সাভার মডেল থানায় একটি অপহরণ মামলা রুজু করে পুলিশ। এরপর মামলাটি ডিবি পুলিশের কাছে হস্তান্তর করা হয়। প্রযুক্তির সহযোগিতা ও বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করে গত শনিবার এক আত্মীয়ের বাসা থেকে রাসেলকে গ্রেপ্তার করে। পরে তার দেওয়া তথ্য অনুযায়ী গতকাল কেরানীগঞ্জ থেকে রাব্বির লাশ উদ্ধার করা হয়।
ঢাকা জেলা উত্তর গোয়েন্দা বিভাগের ওসি নাজমুল হাসান জানান, রাব্বির বাবা একজন বিকাশ ব্যবসায়ী। তাই অপহরণের পর মোটা অঙ্কের টাকা হাসিলের জন্য পরিকল্পিতভাবে রাব্বিকে অপহরণ করে রাসেল। এরপর হেমায়েতপুরে তার চতুর্থ স্ত্রীর ভাড়া বাসায় রাব্বিকে নিয়ে যায় সে। সেখানে প্রথমে ঘুমের ওষুধ খাইয়ে অচেতন ও পরে শ্বাসরোধে হত্যা করে। এরপর লাশ কেরানীগঞ্জে ফেলে যায় রাসেল। মামলার অন্য আসামিদের মধ্যে রাসেলের বাবা শাহজাহান (৬০) আটক হলেও মামুন (২৫) পলাতক। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।