জুভদের হয়ে শততম ম্যাচে রোনালদোর জোড়া গোল

ইতালিয়ান ক্লাব জুভেন্তাসের হয়ে শততম ম্যাচটা স্মরণীয় করে রাখলেন ক্রিস্তিয়ানো রোনালদো। পেনাল্টি থেকে জোড়া গোল করলেন। সিরি এ-তে জেনোয়াকে দাপটের সঙ্গেই হারাল জুভেন্তাস।

রবিবার প্রতিপক্ষের মাঠ থেকে ৩-১ গোলে জয় নিয়ে ফিরেছে আন্দ্রেয়া পিরলোর দল।

প্রথমার্ধে কোনো দল গোলের দেখা পায়নি। দ্বিতীয়ার্ধে খেলার ৫৭ মিনিটে পাওলো দিবালার গোলে এগিয়ে যাওয়ার জুভরা। তবে ৪ মিনিট পরই সমতা টানেন স্তেফানো স্তুরারো।

এরপরই দৃশ্যপটে রোনালদো। ৭৮ ও ৮৯ মিনিটে স্পট কিক থেকে গোল করেন পর্তুগিজ তারকা।

চ্যাম্পিয়ন্স লিগে গত মঙ্গলবার গ্রুপ পর্বের শেষ রাউন্ডের ম্যাচে বার্সেলোনার বিপক্ষে পেনাল্টি থেকে জোড়া গোল করেছিলেন রোনালদো। ম্যাচটা ৩-০ ব্যবধানের জিতে ইতালিয়ান ক্লাব জুভেন্তাস।

জুভদের হয়ে ১০০ ম্যাচে রোনালদোর গোল সংখ্যা হলো ৭৭টি। ক্লাবটির হয়ে খেলা কোনো ফুটবলারের প্রথম ১০০ম্যাচে যা তৃতীয় সর্বোচ্চ।

এই জয়ে পয়েন্ট টেবিলে শীর্ষে থাকা এসি মিলারে চেয়ে তিন পয়েন্ট পেছনে থেকে চারে আছে বর্তমান চ্যাম্পিয়ন জুভেন্তাস। ১১ ম্যাচে ছয় জয় ও পাঁচ ড্রয়ে ২৩ পয়েন্ট তুরিনের দলটির। সমান পয়েন্ট নিয়ে তিন নম্বরে নাপোলি। আর তাদের চেয়ে ১ পয়েন্ট বেশি নিয়ে দ্বিতীয় স্থানে আছে ইন্টার মিলান। শীর্ষে থাকা এসি মিলানের পয়েন্ট ১০ ম্যাচে ২৬।