নিউজিল্যান্ড সফরে দুরবস্থা কাটছেই না পাকিস্তানের। করোনায় টালমাটাল অবস্থা কাটিয়ে না উঠতেই অধিনায়কের চোট নিয়ে এলো বড় দুঃসংবাদ। বুড়ো আঙুলে চোট পাওয়ায় অন্তত ১২ দিন অনুশীলন করতে পারবেন না বাবর আজম। টি-টোয়েন্টি সিরিজও তাই শেষ হয়ে গেছে তার।
এমনকি ২৬ ডিসেম্বর শুরু প্রথম টেস্টেও বাবর অনিশ্চিত। ১৮, ২০ ও ২২ ডিসেম্বর হবে টি-টোয়েন্টি সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচটি। বাবরের অনুপস্থিতিতে পাকিস্তানকে নেতৃত্ব দিতে পারেন সহ-অধিনায়ক শাদাব খান।
তবে তাকে নিয়েও রয়েছে শঙ্কা। কুঁচকির চোটে গত নভেম্বরে ঘরের মাঠে জিম্বাবুয়ে সিরিজ খেলতে পারেননি এই অলরাউন্ডার। এখনো পুরোপুরি সেরে না ওঠায় সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে তার খেলা অনিশ্চিত।
পাকিস্তান টি-টোয়েন্টি দল:
শাদাব খান (অধিনায়ক), আবদুল্লাহ শফিক, ফাহিম আশরাফ, হায়দার আলি, হারিস রউফ, হুসাইন তালাত, ইফতিখার আহমেদ, ইমাদ ওয়াসিম, খুশদিল শাহ, মোহাম্মদ হাফিজ, মোহাম্মদ হাসনাইন, মোহাম্মদ মুসা খান, মোহাম্মদ রিজওয়ান, সরফরাজ আহমেদ, শাহিন শাহ আফ্রিদি, উসমান কাদির ও ওয়াহাব রিয়াজ।