ইংলিশ প্রিমিয়ার লিগে হেরেই চলেছে আর্সেনাল। ঘরের মাঠে এবার বার্নলির বিপক্ষে ১-০ গোলে হেরেছে দলটি। আত্মঘাতী গোলটি করেন পিয়েরে-এমেরিক অবামেয়াং।
লিগে শেষ আট ম্যাচের ছয়টিতেই হারল তারা, ঘরের মাঠে হারল টানা চার ম্যাচে।
গোলশূন্য প্রথমার্ধের পর ৫৮তম মিনিটে ধাক্কা খায় আর্সেনাল। বার্নলির ম্যাকনিলকে ফাউল করার পর আরেকজনের গলা চেপে ধরে শুরুতে হলুদ কার্ড দেখেন গ্রানিত জাকা। পরে ভিএআরের সাহায্যে এই সুইস মিডফিল্ডারকে লাল কার্ড দেখান রেফারি।
৭৩তম মিনিটে আত্মঘাতী গোল খেয়ে বসে আর্তেতার দল। কর্নার হেডে ক্লিয়ার করতে গিয়ে নিজেদের জালেই বল পাঠান অবামেয়াং। ক্লাব পর্যায়ে এই প্রথম কোনো আত্মঘাতী গোল করলেন তিনি।
১২ ম্যাচে সপ্তম হারের স্বাদ পাওয়া আর্সেনাল ১৩ পয়েন্ট নিয়ে ১৫তম স্থানে আছে। ১১ ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে ১৭তম স্থানে বার্নলি।
ব্রাইটন অ্যান্ড হোভ অ্যালবিওনকে ৩-০ গোলে হারানো লেস্টার সিটি ১২ ম্যাচে ২৪ পয়েন্ট নিয়ে তিন নম্বরে। ফুলহ্যামের সঙ্গে ১-১ ড্র করা লিভারপুল ২৫ পয়েন্ট নিয়ে আছে দুইয়ে।
ক্রিস্টাল প্যালেসের মাঠে ১-১ ড্র করা টটেনহ্যাম হটস্পার সমান পয়েন্ট নিয়ে গোল পার্থক্যে শীর্ষে আছে।