স্বাধীনতাবিরোধীদের আস্ফালন মেনে নেওয়া যায় না: তথ্যমন্ত্রী

স্বাধীনতা, মুক্তিযুদ্ধ ও বাংলাদেশের সংস্কৃতি বিরোধী অপশক্তির বিরুদ্ধে দেশবাসীকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, স্বাধীনতাবিরোধীদের এ ধরনের আস্ফালন মেনে নেওয়া যায় না।

শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে সোমবার সকালে রাজধানীর ধানমন্ডির ৩২ নম্বর সড়কে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

ড. হাছান মাহমুদ বলেন, ‘১৯৭১ সালের এই দিনে স্বাধীনতার ঠিক পূর্ব মুহূর্তে পাকিস্তানি হানাদার বাহিনী যখন বুঝতে পেরেছিল বাংলাদেশ স্বাধীনতা অর্জন করতে যাচ্ছে, তখন জাতিকে পঙ্গু করার হীন উদ্দেশ্যে সেদিন জাতির শ্রেষ্ঠ সন্তানদের হত্যা করা হয়েছিল। তাই যতদিন বাংলাদেশ থাকবে ইতিহাসের পাতায় এই দিনটি কালো দিন হিসেবেই থাকবে।’

তিনি বলেন, ‘কিন্তু দুঃখজনক হলেও সত্য, স্বাধীনতার প্রায় ৫০ বছর পরও সেদিন যারা বুদ্ধিজীবী হত্যার নীলনকশা এঁকেছিল, সেই জামায়াতে ইসলামী ও তাদের দোসর-অনুসারীরা এখনো বাংলাদেশে সক্রিয়।’

তথ্যমন্ত্রী বলেন, ‘সেদিন যারা স্বাধীনতার বিরোধিতা করেছিল, যারা মুক্তিযোদ্ধাদের কাফের, ইসলামবিরোধী বলে ফতোয়া দিয়েছিল, তারাই আজকে ভাস্কর্য নিয়ে প্রশ্ন তুলছে।’

তিনি বলেন, ‘জাতির স্বাধীনতার প্রায় ৫০ বছর পরও স্বাধীনতাবিরোধীদের এ ধরনের আস্ফালন মেনে নেওয়া যায় না। তাই এদের বিরুদ্ধে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে।’