বাংলাদেশ থেকে সাম্প্রদায়িক মৌলবাদী শক্তি সম্পূর্ণরূপে নিশ্চিহ্ন না হওয়া পর্যন্ত দেশবাসীকে সজাগ থাকার আহ্বান জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।
সোমবার শহীদ বুদ্ধিজীবী দিবসের মিরপুরের বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদনের পর সাংবাদিকদের সাথে আলাপকালে এই আহ্বান জানান।
ডিএসসিসি মেয়র ব্যারিস্টার শেখ তাপস বলেন, আমরা লক্ষ্য করি মৌলবাদী প্রতিক্রিয়াশীল শক্তি, সাম্প্রদায়িক শক্তি এই বাংলার মাটিতে এখনো বিরাজমান রয়েছে এবং যখনই তারা সুযোগ পাচ্ছে, তখনই সাপের মতো দংশন করার চেষ্টা করছে। মুক্তিযুদ্ধের চেতনাকে বিনষ্ট করার চেষ্টা করছে। সুতরাং, যত দিন না এই সাম্প্রদায়িক শক্তি, মৌলবাদী শক্তিকে বাংলাদেশ থেকে সম্পূর্ণরূপে নিশ্চিহ্ন করা না যায় তত দিন আমাদের আরও সজাগ থাকতে হবে।
শেখ তাপস আরও বলেন, শহীদ বুদ্ধিজীবীসহ যে ত্রিশ লাখ শহীদের আত্মত্যাগের বিনিময়ে আমরা স্বাধীনতা পেয়েছি, তাদের সেই আত্মত্যাগের বাংলাদেশ প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুযোগ্য নেতৃত্বে আজকে মাথা উঁচু করে দাঁড়িয়েছে। আজকের এই বাংলাদেশ আমাদের নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণের এক উজ্জ্বল উদাহরণের বাংলাদেশ।
এ সময় অন্যান্যের মধ্যে ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা এ বি এম আমিন উল্লাহ নুরী, সচিব আকরামুজ্জামান, অঞ্চল-৪ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা মো. হায়দর আলীসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।