মহান বিজয় দিবস কাল

উদযাপনে প্রস্তুত জাতীয় স্মৃতিসৌধ

মহান বিজয় দিবসে (১৬ ডিসেম্বর) সর্বস্তরের জনগণের শ্রদ্ধা এবং ভালোবাসায় সিক্ত হতে প্রস্তুত জাতীয় স্মৃতিসৌধ। দিবসটি পালন উপলক্ষে এরই মধ্যে পুরো সৌধ এলাকা ধুয়ে, মুছে এবং রংতুলির আঁচড়ে রাঙিয়ে তোলা হয়েছে। বাহারি ফুলগাছ ও লাইটিংয়ের মাধ্যমে সাজানো হয়েছে স্মৃতিসৌধের রাস্তাসহ পুরো এলাকা। ১৬ ডিসেম্বর পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্তির দিন। এদিন বিশ্বের মানচিত্রে সৃষ্টি হয় নতুন একটি সার্বভৌম দেশ বাংলাদেশ। এদিকে দিবসটি ঘিরে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে ঢাকা জেলা পুলিশ। এবার বৈশ্বিক মহামারী করোনাভাইরাসের কারণে বিজয় দিবসে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করবেন না রাষ্ট্রপতি আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তবে তাদের পক্ষে দুজন সামরিক সচিব জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণে শহীদ বেধিতে শ্রদ্ধা নিবেদন করবেন। বিষয়টি স্থানীয় সংসদ সদস্য দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান জানিয়েছেন।