বিজয় দিবস উপলক্ষে রাজশাহী বিশ্ববিদ্যালয়কে ‘ভারতের জনগণের পক্ষ’ থেকে ৫২ আসন বিশিষ্ট দুটি বাস উপহার দেওয়া হয়েছে।
মঙ্গলবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে আয়োজিত অনুষ্ঠানে রাজশাহীতে নিযুক্ত ভারতের সহকারী হাইকমিশনার সঞ্জীব ভাটি বাসের চাবি হস্তান্তর করেন। উপাচার্য অধ্যাপক এম আব্দুস সোবহান বাস দুটির চাবি গ্রহণ করেন।
অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে শুভেচ্ছা বক্তব্য দেন ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী। হাইকমিশনার তার বক্তব্যে উনসত্তরের গণ-অভ্যুত্থানে রাবির শহীদ শিক্ষক ড. জোহার আত্মদান ইতিহাসে অবিস্মরণীয় বলে উল্লেখ করেন।
বাংলাদেশ-ভারত মৈত্রী বিনির্মাণে বঙ্গবন্ধুর অবদান চির অম্লান হয়ে থাকবে বলেও তিনি মন্তব্য করেন।
এ সময় উপাচার্য অধ্যাপক আব্দুস সোবহান বলেন, ভারতীয় জনগণের পক্ষ থেকে এই উপহার রাজশাহী বিশ্ববিদ্যালয় তথা বাংলাদেশের জনগণের প্রতি ভারতের জনগণের গভীর মমত্ববোধের প্রকাশ।
অনুষ্ঠানে উপ-উপাচার্য অধ্যাপক আনন্দ কুমার সাহা ও অধ্যাপক চৌধুরী মো. জাকারিয়া, রেজিস্ট্রার অধ্যাপক এমএ বারীসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।