গাজীপুরে জাতীয়তাবাদী যুবদলের কমিটি গঠনকে নিয়ে পক্ষে-বিপক্ষে সমাবেশ করেছেন দলের নেতাকর্মীরা। নবগঠিত গাজীপুর সদর উপজেলা যুবদলের আহ্বায়ক কমিটি বাতিলের দাবিতে পদবঞ্চিত নেতাকর্মীরা গতকাল মঙ্গলবার ভাওয়াল মির্জাপুর বাজারে বিক্ষোভ সমাবেশ করে। এতে বক্তব্য রাখেন জেলা যুবদলের তথ্য ও গবেষণাবিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন, মির্জাপুর ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক নাজমুল আলম স্বপন, মকবুল হোসেন, দেলোয়ার হোসেন, ওমর ফারুক, জাহিদ হোসেন প্রমুখ। বক্তারা ঘোষিত এ কমিটি বাতিল করে নতুন করে কমিটি গঠনের দাবি জানিয়ে বলেন, এ কমিটি বাতিল করা না হলে শিগগিরই বৃহত্তর আন্দোলন কর্মসূচি ঘোষণা করা হবে।
অন্যদিকে সদ্য ঘোষিত গাজীপুর সদর উপজেলা যুবদলের কমিটির পক্ষে গত সোমবার বিকেলে মনিপুর বাজারে সমাবেশ করেছে উপজেলা যুবদলের আহ্বায়ক কমিটির নেতাকর্মীরা। এতে বক্তব্য রাখেন কমিটির আহ্বায়ক মো. মজিবুর রহমান, যুগ্ম আহ্বায়ক মো. নাজিম সরকার, সদস্য সচিব মো. এমারত হোসেন। পরে একটি মিছিল বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
গত ১২ ডিসেম্বর গাজীপুর জেলা যুবদলের সভাপতি মনিরুল ইসলাম মনি ও সাধারণ সম্পাদক মাসুদ রানা ৩৬ সদস্যবিশিষ্ট ৩০ দিন মেয়াদের সদর উপজেলা যুবদলের আহ্বায়ক কমিটি অনুমোদন দেন।
নেতাকর্মীরা জানান, ১৯৯১ সালে দুই বছর মেয়াদে গাজীপুর সদর উপজেলা যুবদলের কমিটি গঠিত হয়। এর প্রায় ১৭ বছর পর ২০০৮ সালে তিন মাস মেয়াদে আহ্বায়ক কমিটি গঠিত হয়। এ কমিটি নির্দিষ্ট সময়ে পূর্ণাঙ্গ কমিটি গঠনে ব্যর্থ হয়। পরে প্রায় ১৩ বছর স্থানীয় যুবদলের কার্যক্রম কমিটিবিহীন চলে। সর্বশেষ গুলশান কার্যালয়ে অনুষ্ঠিত কেন্দ্রীয় কমিটি ও ঢাকা বিভাগীয় যুবদলের যৌথ সভার সিদ্ধান্ত অনুযায়ী ১২ ডিসেম্বর যুবদলের গাজীপুর সদর উপজেলা আহ্বায়ক কমিটি গঠন করা হয়।