মাদারীপুরে ঢাকা বরিশাল মহাসড়কে পরিবহনের চাপায় ভ্যানচালক ও এক নারীযাত্রী নিহত হয়েছে। এ সময় আরও দুজন আহত হয়েছে। গতকাল মঙ্গলবার বেলা ৩টার দিকে মাদারীপুর সদর উপজেলার মস্তফাপুর টেক্সটাইল মিলের ২নং গেটে সামনের মহাসড়কে দুর্ঘটনা ঘটে। নিহত রাসেদা বেগম (৬০) মস্তফাপুর ইউনিয়নের চতুরপাড়া এলাকার মজিবর মাদবরের স্ত্রী ও ওহিদুল কারিকর (২৫) একই ইউনিয়নের বড়মেহের গ্রামের মজনু কারিকরের ছেলে। পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, রাসেদা বেগম তার নিজ বাড়ি থেকে বাবার বাড়ি সদর উপজেলার ঘটকচরে যাওয়ার উদ্দেশ্যে ভ্যানচালক ওহিদুলের ভ্যানযোগে মস্তফাপুর বাসস্টান্ড থেকে রওনা হন। ভ্যানটি বড় ব্রিজ পার হয়ে টেক্সটাইল মিলের ২নং গেটের সামনে গেলে মাওয়া থেকে ছেড়ে আসা বরিশালগামী বিএমএফ পরিবহনের একটি বাস চাপা দেয়।